হাতীবান্ধায় ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় আটক ৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রিপন মিয়ার (১৩) লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ পাঁচ ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের নৈশপ্রহরী ও সিঙ্গীমারী গ্রামের জয়নাল আবেদীন (৪০), একই গ্রামের স্বপন (১৬), সজীব (১৭), ফজলু মিয়া (১৮) ও আসাদুজ্জামান (১৭)। স্বপন ও সজীব গত জানুয়ারিতে স্কুলছাত্র উল্লাস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। কিছুদিন আগে তারা যশোর কিশোর সংশোধনাগার থেকে জামিনে বের হয়।
নিখোঁজের তিন দিন পর গত বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরের একটি পরিত্যক্ত ভবন থেকে রিপনের লাশ উদ্ধার করে পুলিশ। ২৯ জুন সকাল থেকে রিপন মিয়া নিখোঁজ ছিল। ৩০ জুন তার বাবা হাতীবান্ধা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করতে জয়নাল আবেদীনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।