হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে জমি নিয়ে সংঘর্ষে সইদার রহমান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে আটক করেছে পুলিশ।
সইদার বাড়াইপাড়া গ্রামের আবদুল কামালের ছেলে। আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের রমজান (৫৫), তাঁর ভাই নুর-ইসলাম (৪৬) ও নজরুল ইসলাম (৪২)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুলের বাড়ির পাশের একটি জমি নিয়ে তাঁরই প্রতিবেশী আবদুর রহিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে ওই জমিতে পানি নিষ্কাশনের জন্য নালা কাটছিলেন নজরুল। এতে রহিম এসে বাধা দেন। এ সময় নজরুল ও রহিমের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। তা দেখে রহিমের বাড়ির পাশের তাঁর ভায়রা সইদার সেখানে যান। এ সময় প্রতিপক্ষ শাবল দিয়ে সইদারের পেটে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাঈম হাসান বলেন, সইদারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রমজান, তাঁর ভাই নুর-ইসলাম ও নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এসআই আনিছুর রহমান আরও বলেন, সইদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।