হাতীবান্ধায় দুই ভুয়া পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল সোমবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পারুলিয়া দ্বিমুখী তফসিলি বিদ্যালয় কেন্দ্রে দুজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে।
ওই দুজন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। উপজেলার সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর হয়ে তারা পরীক্ষা দিচ্ছিল।
পরীক্ষাকেন্দ্রটির কয়েকজন শিক্ষক জানান, গতকাল বাংলা পরীক্ষায় ৬ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন রোকনুজ্জামান। সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শাপলা খাতুন ও শাবানা খাতুন নামের দুই পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হওয়ায় তিনি তাদের বাবা ও মায়ের নাম জানতে চান। তাদের উত্তর প্রবেশপত্রের তথ্যের সঙ্গে মেলেনি। পরে জানা যায়, ভুয়া নাম ব্যবহার করে উপজেলার সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে দিতি আক্তার ও শাহানাজ আফরিন নামের দুই ছাত্রী। এর মধ্যে শাহানাজ পারুলিয়া দ্বিমুখী তফসিলি বিদ্যালয়ে আর দিতি ডাউয়াবাড়ি আছের মামুদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পারুলিয়া দ্বিমুখী তফসিলি বিদ্যালয় কেন্দ্রের সচিব অনিল চন্দ্র রায় বলেন, ওই দুজন ভুয়া পরীক্ষার্থী প্রমাণিত হওয়ায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয়ের (সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।