লালমনিরহাটের হাতীবান্ধায় পোশাক কারখানার এক কর্মীকে গত বুধবার গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার এক যুবককে গ্রেপ্তার করেছে।
ওই যুবকের নাম বুলু মিয়া (৩৮)। তিনি উপজেলার গেন্দুকড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী নারী সূত্রে জানা যায়, মেয়েটি (২২) ঢাকার একটি পোশাক কারখানার কর্মী। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। মুঠোফোনে হাতীবান্ধার ডাকালিবান্দা বাজারের কাপড় ব্যবসায়ী মো. মানিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। মানিক মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দেন। মেয়েটি বুধবার সকালে হাতীবান্ধায় পৌঁছান। পারুলিয়া এলাকায় পৌঁছালে মানিক তাঁকে একটি বাড়িতে নিয়ে যান। ওই দিন সন্ধ্যার পর বিয়ের আয়োজনের কথা বলে মানিকের সহযোগী বুলু মেয়েটিকে নওদাবাস গ্রামের একটি শালবনে নিয়ে যান। সেখানে মানিক, বুলুসহ পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করেন।
মেয়েটি বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ দেন। গতকাল সেটি মামলা হিসেবে নেওয়া হয়। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞানামা আরও একজনকে আসামি করা হয়।
হাতীবান্ধা থানার এসআই নুর আলম বলেন, পুলিশ অভিযুক্ত বুলুকে গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খবর পেয়ে মেয়েটির মা ও খালাতো ভাই গতকাল হাতীবান্ধায় এসেছেন। মেয়েটি তাঁদের হেফাজতে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে আজ শনিবার লালমনিরহাটে পাঠানো হবে।