লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ও তাঁর স্বামীকে লাঞ্ছিত করার অভিযোগে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার ও হাতীবান্ধা থানার পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষিকা লতা রানী গত ২২ সেপ্টেম্বর তাঁর স্বামী হরেস চন্দ্রের মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে যান। কিন্তু নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে পৌঁছায় প্রধান শিক্ষক আব্দুল জব্বার তাঁকে বকাঝকা করেন। এ নিয়ে হরেস চন্দ্রের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি হরেসকে মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে লতাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। পরে স্বামী-স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় লতা রানী হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি গত শনিবার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ওই দিন বেলা ১১টার দিকে বিদ্যালয়ে আসার কারণে লতা রানী ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, তদন্ত শুরু হয়েছে।