হাতীবান্ধায় স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত শনিবার রাতে ইব্রাহীম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ইব্রাহীমের দাদি ধওলী বেগম (৫০) ও তার ছোট ভাই আবু বক্করকেও (১২) শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।
ইব্রাহীম উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে আমঝোল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
ইব্রাহীমের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেয়াপুর গ্রামের নান্নু মিয়ার স্ত্রী আছিয়া বেগম সম্প্রতি স্বামীর বাড়ি ছেড়ে হাতীবান্ধায় বাবার বাড়িতে চলে আসেন। পরে আছিয়া স্বামীর ঘর-সংসার করবেন না জানিয়ে ঢাকায় চলে যান। এ ঘটনায় আছিয়ার দুলাভাই দেলোয়ারের ইন্ধন আছে বলে ক্ষুব্ধ হয়ে ওঠেন নান্নু। ফলে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গত শনিবার বিকেলে দেলোয়ারের বাড়িতে নান্নু বেড়াতে আসেন। ওই দিন রাতে দাদি ধওলী বেগমের সঙ্গে ইব্রাহীম ও আবু বক্কর ঘুমিয়ে ছিল। ওই রাতেই একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করার পর ধওলী ও আবু বক্করকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারে লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনাস্থলে ইব্রাহীম মারা যায়। ওই ঘটনার পর থেকে নান্নু পলাতক রয়েছেন। এ ঘটনায় নান্নুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেছেন দেলোয়ার।
আবুবক্কর বলে, ‘আমার খালু নান্নুর সঙ্গে বাবার ঝগড়া চলছিল। গত শনিবার রাতে হঠাৎ তিনি ঘরে ঢুকে আমার গলা চেপে ধরেন। পরে জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী বলেন, ধওলীর গলায় আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি আবদুল মতিন বলেন, ইব্রাহীম হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।