হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণে সহায়তার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ৪-৫ মাস আগে পাশের গ্রামের এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই তরুণ তার বাড়িতে আসেন। সঙ্গে তাঁর দুজন বন্ধু ছিল। তাঁরা ছাত্রীটিকে বাড়ি থেকে বের করে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যান। খেতের পাশে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে এলাকাবাসী সেখানে যান। অবস্থা বেগতিক দেখে ধর্ষক তরুণসহ দুজন পালিয়ে যান। তবে একজনকে আটক করে নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অশ্বনী কুমার বসুনীয়ার কাছে নিয়ে যান এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
চেয়ারম্যান অশ্বনী কুমার বসুনীয়া বলেন, সেচ পাম্পের চোর হিসেবে তাঁর কাছে একজনকে ধরে নিয়ে এসেছিল স্থানীয় জনতা। পরে বিষয়টি জেনে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই তরুণের সঙ্গে সম্পর্ক ছিল বলে জানিয়েছে ছাত্রীটি। সে অভিযোগ করেছে, ওই তরুণ দুই বন্ধুর সহযোগিতায় তাকে ধর্ষণ করেছে। ছাত্রীটি গত শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় একজনের বিরুদ্ধে ধর্ষণ এবং অপর দুজনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা করেছে। আটক একজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।