হাতীবান্ধায় হামলা, অবরোধ, গুলি
লালমনিরহাটের তিনটি পৃথক ঘটনায় গতকাল রোববার হাতীবান্ধা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হাসপাতালে হামলা ও ভাঙচুরের সময় বাধা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসা সহকারী ধীমান চন্দ্র বর্মণসহ হাসপাতালের পাঁচজন আহত হন।
উত্তেজিত জনতা ও হাতীবান্ধা ছাত্রলীগের নেতা-কর্মীরা লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের পৃথক তিনটি স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। দুই জায়গায় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে ও অপর স্থানে পুলিশ রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন নিখোঁজ হওয়ার পর হাতীবান্ধার ষষ্ঠ শ্রেণির ছাত্র রিপন মিয়ার লাশ উদ্ধার হয় তিন দিন আগে। কিন্তু পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে গতকাল বেলা ১১টায় নিহত শিশু রিপনের পরিবার ও সিঙ্গিমারী ইউনিয়নের লোকজন মিলে উপজেলার পরিষদ গেটসংলগ্ন লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে। বেলা দুইটার দিকে সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান এম জি মোস্তফা এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।
দুপুর সাড়ে ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ডাউয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আলমগীর হোসেন (৩০) নামের এক যুবক মারা যান। চিকিৎসকের অবহেলায় তাঁর মৃত্যুর অভিযোগে এলাকাবাসী ও মৃত যুবকের পরিবারের সদস্যরা একযোগে হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় হামলাকারীদের আক্রমণে চিকিৎসা সহকারী ধীমান কুমার বর্মণ, ফার্মাসিস্ট আতাউল কবিরসহ চারজন আহত হন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী অবশ্য দাবি করেন, বেলা ১১টা ৪৫ মিনিটে বুকে ব্যথা নিয়ে আলমগীর হোসেন হাসপাতালে আসেন। তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয় যুবকের পরিবারের সদস্যদের। কিন্তু তাঁরা তা না করে এখানেই চিকিৎসার জন্য চাপ দেন। এরই একপর্যায়ে দুপুর সোয়া ১২টায় আলমগীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আলমগীরের চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেন।
জেলা সিভিল সার্জন এ এস এম আবদুস সামাদ বলেন, আলমগীরের মৃত্যুর পরপরই ওই হাসপাতালে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনার শিকার আরও দুজনকে মৃত অবস্থায় আনা হয়। এতে উত্তেজিত জনতা আরও ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়। সেই সঙ্গে তারা হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করে। বেলা তিনটার দিকে উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন গিয়ে তাদের শান্ত করে সড়ক অবরোধ মুক্ত করেন।
হাতীবান্ধার দোয়ানি এলাকায় একটি পরকীয়ার ঘটনায় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা ছয়জনকে মারপিট করেন। আহত ব্যক্তিরা হাতীবান্ধা উপজেলা কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে এলে পথে তাদের আবারও মারধর করা হয়। পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ঘটনা জানতে পেরে হাতীবান্ধার থানা-পুলিশকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের নির্দেশ দেন। পুলিশ ছাত্রলীগের দুজনকে আটক করে থানায় নেয়। হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার খানসহ করেকজন নেতা-কর্মী আটক হওয়া দুজনকে ছাড়িয়ে আনতে থানায় গেলে তাঁকেসহ আরও একজনকে আটক করা হয়।
কিন্তু ছাত্রলীগ নেতা ফাহিমসহ চারজনকে আটকের খবর ছড়িয়ে পড়ায় তাঁদের মুক্তির দাবিতে ছাত্রলীগ কার্যালয়-সংলগ্ন সোনালী চত্বরে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের কোনোভাবে বুঝিয়েও সড়ক থেকে সরাতে না পেরে বিকেল চারটার দিকে হাতীবান্ধা ও পাটগ্রাম থানার পুলিশ দাঙ্গা পুলিশের সহায়তায় ১৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম বলেন, ‘মেডিকেল মোড়, উপজেলা মোড়সহ তিনটি স্থানে ভিন্ন ভিন্ন ঘটনায় মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। আমরা একটি স্থানে রাবার বুলেট ছুড়ে ও অন্য দুই স্থানে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।’
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান অবশ্য দাবি করেন, ‘পুলিশ বিনা উসকানিতে সাধারণ সম্পাদক ফাহিমসহ চারজনকে আটক করে হেনস্তা ও অপমান করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার উপযুক্ত বিচার চাই।’
লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘হাতীবান্ধায় তিনটি পৃথক ঘটনায় মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। আমরা চলাচলকারী যানবাহনের নিরাপত্তা ও যাতায়াতব্যবস্থা স্বাভাবিক রাখতে ১৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ তিনি বলেন, ‘হাসপাতাল এলাকায় মারপিট করা এবং থানায় এসে হইচই ও হুমকি-ধমকি দেওয়ায় ছাত্রলীগের চারজনকে আটক করেছি। অনুসন্ধান করে ঘটনার সঙ্গে দুজন জড়িত থাকায় বাকি দুজনকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে।’