হাতুড়ি দিয়ে ব্যবসায়ী মাহবুবুরকে হত্যা করে ওমর
নববর্ষের দিন রাজধানীর গুলশানে নিজ বাসায় ব্যবসায়ী মাহবুবুর রহমান (৭২) খুন হওয়ার ঘটনায় গ্রেপ্তার তাঁর অফিস সহকারী ওমর ফারুক আদালতে জবানবন্দি দিয়েছে। আজ মঙ্গলবার মহানগর ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ওমর।
পরে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওমর ফারুক (১৭) ফেনীর উত্তর মতলবের আমুয়াপুর গ্রামের বাসিন্দা। গত ১৩ মার্চ থেকে মাহবুবুর রহমানের বাসায় সে কাজ শুরু করে। রাজধানীর বনানীর একটি বাসার দেখভালের কাজ করেন ওমরের ফুপাতো ভাই নাইম। ওই বাসায় মাহবুবুর রহমান প্রায়ই যেতেন। নাইমের কাছে তিনি কাজে সাহায্য করার জন্য একটি ছেলে এনে দিতে বলেন। পরে নাইমের মাধ্যমেই মাহবুবুর রহমানের বাসায় কাজ পায় ওমর।
ওমরের স্বীকারোক্তির বিবরণ দিয়ে আমিনুল ইসলাম বলেন, কাজে যোগ দেওয়ার পরপরই ওমরের মোবাইল ও মানিব্যাগ নিয়ে নেন মাহবুবুর রহমান। বাইরের কারও সঙ্গে ওমরকে যোগাযোগ করতে দেওয়া হতো না। কথায় কথায় মারধর করতেন তিনি। বাইরে বেরোতে দেওয়া হতো না। এমনকি মাহবুবুর রহমান বাইরে গেলে তাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখতেন। গত বৃহস্পতিবার ঘটনার দিন দুপুরে ভাত রান্না করে ওমর। কিছু ভাত বেশি হলে মাহবুবুর রহমান রেগে গিয়ে বলেন, ‘বেশি ভাত রান্না করছ কেন?’ উনি ওই ভাত মেঝেতে ছুড়ে ফেলেন। মেঝে থেকে ভাত তুলে ওমরকে খেতে বলেন। এ সময় একটি হাতুড়ি এনে ওমরকে মারধর করবেন বলেও শাসান মাহবুবুর রহমান। পরে তিনি হাতুড়ি টেবিলের ওপর রেখে ভাত খেতে বসেন। তখনই ওমর ওই হাতুড়ি নিয়ে পেছন থেকে তাঁর মাথায় এলোপাতাড়ি মারতে থাকেন। মাহবুবুর রহমান টুলের ওপর বসা ছিলেন। হাতুড়ির আঘাতে মেঝেতে পরে যান। ওই অবস্থায় তাঁকে আরও আঘাত করে ওমর। মারা গেছেন ভেবে পালিয়ে যায় সে। বাসা থেকে বের হয়ে নারায়ণগঞ্জে চলে যায় ওমর।
আমিনুল ইসলাম বলেন, তিনিসহ পুলিশের একটা দল গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে মোবাইল ফোন ট্র্যাকিং করে নারায়ণগঞ্জ সদর থানার নদীর একটি ঘাট থেকে ওমরকে গ্রেপ্তার করেন। আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ওমর। তাঁকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
নিহত ব্যবসায়ী এ ওয়াই এম মাহবুবুর রহমান ময়মনসিংহ-২ আসনের সাবেক সাংসদ শামসুল হকের বড় মেয়ে ইয়াসমিন রহমানের স্বামী। ওই আসনের বর্তমান সাংসদ শরীফ আহমেদ তাঁর শ্যালক। ‘রহমান ফ্যামিলি অ্যান্ড অ্যাসোসিয়েটস’ নামে বায়িং হাউসের মালিক তিনি। গুলশানের ওই বাসায় দুই মেয়ে ও স্ত্রী নিয়ে থাকতেন তিনি।
ঘটনার দিন পরিবারের অন্য সদস্যরা নববর্ষ উপলক্ষে বাড়ির বাইরে ছিলেন। পরের দিন সকালে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় মাহবুবুর রহমানকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন তাঁরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।