হাতুড়িপেটায় আহত তরুণের মৃত্যু
মুন্সিগঞ্জের গজারিয়ায় হাতুড়িপেটায় আহত এক তরুণ গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণের নাম সোহেল (২২)। তিনি টেংগারচর গ্রামের মো. নাছিরের ছেলে। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল বলেন, উপজেলার খাড়াকান্দি গ্রামের ব্র্যাক অফিসসংলগ্ন এলাকা থেকে গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া বলেন, শুক্রবার সোহেল তাঁর শ্বশুরবাড়ি রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থান করছিলেন। এ সময় চার-পাঁচজন সেখান থেকে গজারিয়ায় নিয়ে আসেন এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তাঁকে রাস্তার পাশে ফেলে চলে যান। ওসি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছি। তবে তদন্তের স্বার্থে অপরাধীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।’