হাতুড়িপেটায় আহত যুবক মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় হাতুড়িপেটায় আহত এক যুবক গত শুক্রবার রাতে মারা গেছেন। এদিন রাতেই তাঁর ভাই থানায় হত্যা মামলা করেছেন।
নিহত যুবকের নাম বাপ্পী (৩২)। তিনি খোকসা উপজেলার বনগ্রামের তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বাপ্পীর বিরুদ্ধে থানায় মারামারিসহ বিভিন্ন অপরাধে অন্তত আটটি মামলা আছে। এলাকায় তাঁর নিজস্ব একটি বাহিনী আছে। তবে এই বাহিনীর লোকজনের মধ্যে সম্প্রতি বিরোধ শুরু হয়। এর জেরে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বনগ্রাম বাজারে কয়েকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে বাপ্পীকে গুরুতর আহত করে। তাঁকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে বাপ্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই কাফি বাদী হয়ে শুক্রবার রাতেই নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১১-১২ জনকে আসামি করে খোকসা থানায় হত্যা মামলা করেন। গতকাল শনিবার দুপুরে বাপ্পীর মরদেহ খোকসার বনগ্রামে পৌঁছায়। বিকেলে লাশ দাফন করা হয়।
এদিকে বাপ্পীর লোকজন শুক্রবার রাতেই প্রতিপক্ষের পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ঘটনার পর বনগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের বেশ কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।
খোকসা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বাপ্পী সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নিজ দলের মধ্যে বিরোধে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।