হাতুড়িপেটায় জাপা নেতা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গতকাল বুধবার জাতীয় পার্টির এক নেতাকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালের পাঠানো হয়েছে।

ওই নেতার নাম নিজাম হাওলাদার (৫০)। বাড়ি উপজেলার মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামে। তিনি জাতীয় পার্টির (এরশাদ) মালিখালী ইউনিয়ন শাখার সভাপতি।

আহত নিজাম ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজাম মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুমন মণ্ডলের পক্ষে কাজ করেন। এ কারণে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। গতকাল সকালে নিজাম হাওলাদার মালিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন শেখ ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার মাটিভাঙ্গায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া নামক স্থানে পৌঁছালে তাঁদের গতিরোধ করে উপজেলার ঝনঝনিয়া গ্রামের মুজাহিদ শেখ, আবু সাঈদ শেখ, রাজিব শেখ, হিটু শেখ ও মিঠারকুল গ্রামের নূরনবী। এরপর নিজামকে নামিয়ে হাতুড়িপেটা করে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ঢাকায় নেওয়ার পথে মুঠোফোনে আহত নিজাম প্রথম আলোকে বলেন, মুজাহিদ শেখ, আবু সাঈদ শেখ, রাজিব শেখ, হিটু শেখ ও নূরনবী এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর কারণে মাদক ব্যবসা করতে পারছে না। গত ইউপি নির্বাচনের জের ধরে এবং এলাকায় মাদক ব্যবসা করতে না পেরে টিপু সুলতানের নির্দেশে তাঁকে হাতুড়িপেটা করা হয়েছে।

মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মণ্ডল বলেন, নিজাম হাওলাদার গত ইউপি নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেছেন। তা ছাড়া এলাকা মাদকমুক্ত করায় তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। এ কারণে সন্ত্রাসী দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে হাতুড়িপেটা করা হয়েছে।

যোগাযোগ করতে না পারায় হামলাকারী কারোর সঙ্গে কথা বলা যায়নি। তবে টিপু সুলতান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মুজাহিদ শেখ ও নূরনবীদের সঙ্গে নিজামের ব্যক্তিগত বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ
পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।