হাতুড়িপেটায় সাবেক ইউপি সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য তপন কুমার সাহাকে (৪৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার দুপুরে উপজেলার ডুমুরিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত তপন কুমার সাহা উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় একই ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

হাসপাতাল ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে একটার দিকে তপন কুমার ডুমুরিতলায় বাড়ির সামনের সড়কের পাশে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তপনকে হাতুড়িপেটা করে চলে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসান মসিউর প্রথম আলোকে বলেন, তপন কুমারের বাঁ পা ভেঙে গেছে। এ ছাড়া তাঁর ডান পা ও পিঠে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত তপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।

শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওমর ফারুক শেখ প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইউপি চেয়ারম্যান মিরাজুর রহমান ও সাবেক সদস্য তপন কুমার সাহার ওপর হামলা করা হয়েছে বলে মনে হচ্ছে। তপন কুমার পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। এ ছাড়া মিরাজুর ও তপন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম এ আউয়ালের অনুসারী।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।