হাতুড়ির আঘাতে তরুণের মৃত্যুর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় সন্দেহভাজন চোরের হাতুড়ির আঘাতে এক তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত তরুণের নাম শামসুদ্দোহা (১৮)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সদর থানার রূপসা স্ট্রান্ড রোড এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শামসুদ্দোহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের ভাষ্য, স্ট্রান্ড রোড এলাকার ইব্রাহিমের বাড়িতে রাতে কয়েকজন চোর আসে। বাড়ির মালিকের ভাগনে শামসুদ্দোহা চোরদের দেখে ঝাপটে ধরেন। এ সময় তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করে চোর। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শামসুদ্দোহার লাশ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।