হাতুড়ে চিকিৎসায় হাত হারাল শিশুটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসার কারণে রিয়াজ উদ্দিন (৭) নামের এক শিশুর বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা গত শুক্রবার দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। রিয়াজের বাড়ি পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে গিয়ে রিয়াজের বাঁ হাত ভেঙে যায়। এরপর শিশুটিকে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জালাল গাজী নামের এক ব্যক্তি চিকিৎসার কথা বলে তাঁদের পৌর শহরের থানাপাড়া এলাকার স্টার মেডিকেল হলে নিয়ে যান। সেখানে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি শিশুটিকে চিকিৎসা দেন। এ ঘটনার ১০-১২ দিন পর রিয়াজের হাতের মাংসে পচন ধরে। এরপর তাকে খুলনা শহরের রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে গত ২০ অক্টোবর চিকিৎসক আবদুল রকিব খান অস্ত্রোপচার করে রিয়াজের বাঁ হাত কেটে ফেলেন।
রিয়াজের মা আম্বিয়া বেগম অভিযোগ করেন, ১০ হাজার টাকা চুক্তিতে শহিদুল হাত ভাঙার চিকিৎসা দেন। শহিদুল শিশুটির হাতে বাঁশের কঞ্চি বেঁধে লতা-পাতা পেঁচিয়ে ব্যান্ডেজ করে দেন।
আবদুল রকিব খান মুঠোফোনে বলেন, ‘ভুল চিকিৎসার কারণে তার হাতের মাংস পচে যায়। আমার কাছে অনেক দেরিতে নিয়ে আসায় অস্ত্রোপচার করে হাতটি ফেলে দিতে হয়েছে।’
থানায় অভিযোগ করার পর থেকে শহিদুল ও জালাল পলাতক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভংকর বাড়ৈ বলেন, ‘হাড় ভাঙার চিকিৎসার নামে অনুমোদনহীন কয়েকটি চিকিৎসাকেন্দ্র গড়ে উঠেছে। এরা রোগীদের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে আসছে। আমি এ ধরনের চিকিৎসাকেন্দ্রগুলো বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেব।’ মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, শিশুটির পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।