
হোসেনি দালানে হামলায় ‘হাতে তৈরি গ্রেনেড’ ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আর র্যা ব জানিয়েছে, এর আগে জঙ্গি সংগঠনগুলোর কাছ থেকে একই ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। এসব গ্রেনেডে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে গাবতলীতে এএসআই হত্যায় জড়িত থাকার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার একজনের দেওয়া তথ্যমতে শুক্রবার ভোরে কামরাঙ্গীরচর থেকে যে পাঁচটি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল, সেগুলোও হোসেনি দালানে হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলোর মতো। সেই থেকে ধারণা করা হচ্ছে, এএসআই হত্যাকারী ও হোসনি দালানে হামলাকারী একই চক্র।
এ ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় পুলিশ উল্লেখ করেছে, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়। এর একটি গ্রেনেড র্যা ব নিষ্ক্রিয় করেছে। নিষ্ক্রিয় করা ওই গ্রেনেডটিতে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, টাইমার সার্কিট, ডেটোনেটর, রিলিজ সুইজ, চারটি পেনসিল ব্যাটারি ও পাইপ ছিল। পাইপটি ফেটে তা স্লিন্টার হিসেবে কাজ করেছে।
কর্মকর্তারা জানান, দুই ইঞ্চি ব্যাসের ধাতব পাইপের ভেতর বিস্ফোরক, তা ছিদ্র করে ডেটোনেটর রিলিজ সুইচ, ব্যাটারিসহ সব উপকরণ একসঙ্গে করে কালো স্কচটেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। গ্রেনেডে ব্যবহৃত ডেটোনেটর ও রিলিজ সুইচ সম্ভবত বিদেশ থেকে আনা। গ্রেনেডের পিনগুলো হাতে ঝালাই করে তৈরি করা।
সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করছেন, এই গ্রেনেড তৈরির কৌশল রপ্ত করা, উপকরণ সংগ্রহ, সেগুলোর পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো, গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ ইত্যাদি মিলিয়ে একটা দীর্ঘ প্রস্তুতি নিয়েছে হামলাকারীরা। এ ধরনের বিস্ফোরক পদার্থ নাড়াচাড়া করতে গিয়ে দুর্ঘটনাবশত মৃত্যু পর্যন্ত হতে পারে। এই হামলায় বিষয়টি স্পষ্ট হয়েছে যে হামলাকারীরা এখন এ ধরনের বিস্ফোরক দিয়ে বোমা-গ্রেনেড তৈরি ও নাড়াচাড়া করে হাত পাকিয়েছে। যা খুবই উদ্বেগজনক।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হোসেনি দালানের কম্পাউন্ডের ভেতরের কবরস্থান থেকে গ্রেনেডগুলো ছুড়ে মারা হয়েছে। কারণ সেখান থেকে গ্রেনেডের চারটি পিন উদ্ধার করা হয়েছে। পিন খুলে ছুড়ে মারার পরও একটি গ্রেনেড বিস্ফোরিত হয়নি। আরেকটি গ্রেনেডের পিন না খুলেই ছুড়ে মারা হয়েছে। এই দুটি গ্রেনেড আস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে চট্টগ্রামে হামজা ব্রিগেড বলে যে জঙ্গি সংগঠনটিকে বিপুল অস্ত্র, গোলাবারুদসহ র্যা ব গ্রেপ্তার করেছিল, তাদের কাছ থেকেও একই ধরনের গ্রেনেড পাওয়া গিয়েছিল। চলতি বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়ায় কমার্স ব্যাংকের ডাকাতির ঘটনায়ও জঙ্গিরা একই ধরনের গ্রেনেড ব্যবহার করে।
কমার্স ব্যাংকের শাখায় ওই হামলার ঘটনায় দুই ডাকাতসহ নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছিলেন। ডাকাতেরা গ্রেনেড হামলা চালিয়ে, গুলি করে, ছুরি মেরে মানুষজনকে হতাহত করে। পরে ঢাকা জেলা পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে ওই ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি জড়িত। পুলিশ টঙ্গীতে জেএমবির একটি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
কর্মকর্তারা জানান, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী, ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়, ২৭ ফেব্রুয়ারি হালিশহরের একটি বাড়িতে ও ৫ এপ্রিল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ২৪ জনকে। এই দলের অর্থায়নকারী হিসেবে গত আগস্টে এক নারী আইনজীবীসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়।