হাতে হাতে জাল পলো খলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদীর ওপরের বুড়ির বাঁধের জলকপাট গত রোববার রাতে খুলে দেওয়া হয়। পানি কমে গেলে গতকাল ভোর থেকে এলাকাবাসী মাছ ধরা শুরু করেন। একসময় তা রূপ নেয় মাছ ধরার উৎসবে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদীর ওপরের বুড়ির বাঁধের জলকপাট গত রোববার রাতে খুলে দেওয়া হয়। পানি কমে গেলে গতকাল ভোর থেকে এলাকাবাসী মাছ ধরা শুরু করেন। একসময় তা রূপ নেয় মাছ ধরার উৎসবে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার বাসিন্দা এ টি এম মনিরুল হুদা। শহরে থাকলেও বন্ধুদের নিয়ে প্রতিবছর এ সময় সদর উপজেলার শুক নদের বুড়ির বাঁধ এলাকায় আসেন। এ সময় বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়। তাই মাছ ধরার পাশাপাশি বন্ধুদের সঙ্গেও ভালো সময় কাটানো যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদের বুড়ির বাঁধের জলকপাট গত রোববার রাতে খুলে দেওয়া হয়। এ সময় পানির সঙ্গে আসে নানা প্রজাতির মাছ। তাই গতকাল সোমবার ভোর থেকে হাজারো মানুষ হাতে পলো আর জাল নিয়ে পানিতে নেমে পড়ে। শুরু হয় মাছ ধরার উৎসব।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮২ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষিজমির সেচসুবিধার জন্য সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের সীমানার শুক নদে বুড়ির বাঁধ এলাকায় একটি জলকপাট নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা পানিতে প্রতিবছর মৎস্য অধিদপ্তর বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ে। আর এ পোনাগুলো যাতে কেউ ধরতে না পারে তা দেখভাল করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ। এরপর বছরের একটি দিনে এ মাছ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই বছরের পর বছর ধরে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার উৎসব চলছে।

স্থানীয় ব্যক্তিরা আরও বলেন, এ জলকপাট এখন খোলা থাকবে। আরও বেশ কিছুদিন এখানে মাছ পাওয়া যাবে। কিন্তু প্রথম দিনেই বেশি ভিড় হয়।

গতকাল সকালে বুড়ির বাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েক শ মানুষ হাতে খইয়া জাল, পলো ও মাছ রাখার পাত্র (খলই) নিয়ে জলকপাটের পানিতে জাল ফেলে মাছ ধরছে। আর বাঁধের ওপর দাঁড়িয়ে তাঁদের উৎসাহ দিচ্ছেন তাঁদের বন্ধুবান্ধব ও স্বজনেরা।

পার্শ্ববর্তী আকচা গ্রামের আবদুর রশীদ বলেন, প্রতিবছর তাঁরা এ দিনটির জন্য অপেক্ষা করেন। তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত ৪-৫ কেজি ছোট-বড় মাছ ধরেছেন। আত্মীয়স্বজনকে দেওয়ার পর যা থাকবে তা বাড়ির জন্য রাখা হবে।

মাছ ধরার উৎসব উপলক্ষে বাঁধের ওপরে বসেছে খাবারের হোটেল, ফলের দোকান, খেলনা ও প্রসাধনীর দোকান। এলাকার যুবকেরা বাইরের মানুষের মোটরসাইকেল, সাইকেল রাখার জন্য তৈরি করেছেন অস্থায়ী গ্যারেজ।

পাইকারি ব্যবসায়ীরাও ভিড় করেছেন। তাঁরা এলাকার মানুষের কাছ থেকে মাছ কিনে তা বাঁধের ওপর বিক্রি করছেন। যাঁরা মাছ ধরছেন না তাঁরা সেগুলো কিনে নিচ্ছেন। আবার অনেকে শহরের বাজারে মাছ পাঠিয়ে দিচ্ছেন।

পাইকার বিশু রায় বলেন, ভোর থেকে মাছ কিনতে শুরু করেছেন। এ পর্যন্ত ৩০ হাজার টাকার মাছ কিনেছেন। আর সেগুলো সরবরাহ করছেন শহরের বাজারে। এ থেকে তাঁর বেশ লাভ হবে বলে তিনি আশা করেছেন।

সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত বর্মণ বলেন, প্রতিবছর এখানে মাছ ধরাকে কেন্দ্র করে মেলা বসে। শুধু গ্রাম নয়, শহরের অনেক মানুষ এখানে মাছ ধরার জন্য ভিড় করেন।