হাতের নাগালেই মাদক!
নিজাম উদ্দিন, বয়স ১৪ বছর। বছরখানেক আগে পড়াশোনা ছেড়ে দেয় সে। কাজ নেয় একটি ইস্পাত কারখানায়। থাকে পরিবারের সঙ্গে, পশ্চিম জুরাইনে। তবে হঠাৎ করে মাদকাসক্ত হয়ে পড়ে নিজাম। এতে তাকে চাকরিটি খোয়াতে হয়। এর মধ্যে সে চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িয়ে পড়ছে।
এসব কথা জানালেন নিজাম উদ্দিনের বাবা মোতাহার আলী। এই পরিস্থিতিতে একমাত্র ছেলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি।
গতকাল রোববার মোতাহার আলীসহ এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকার প্রধান সমস্যা মাদক। শুধু মোতাহার নন, এলাকার অনেকে তাঁদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন।
ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন অন্য এলাকাগুলো হলো পোস্তগোলা, কবরস্থান রোড, খন্দকার রোড, এমসি রোড, করিম উল্লাবাগ, নতুন জুরাইন, আলমবাগ। মাদক ছাড়া ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাস-পানির সংকট। বাড়ছে মশার উপদ্রব। যত্রতত্র পড়ে থাকে ময়লা-আবর্জনা। বাতাসে ব্যাপক ধুলাবালু। এর মধ্য পোস্তগোলা ও আলমবাগে ধুলাবালু সবচেয়ে বেশি। এ ছাড়া ওয়ার্ডটিতে সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টার, পার্ক, খেলার মাঠ, ব্যামাগার ও গ্রন্থাগার নেই।
গতকাল ওয়ার্ড ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মাদকের সমস্যা
ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডটি শ্যামপুর ও কদমতলী থানার আওতাধীন। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদক বিক্রি ও সেবন শুরু হয়। দিনেও একটি চক্র মাদক বিক্রি করে। শাওন, কাজল, সাকিল, কালি বেবি, কালা আরিফ, শাকিল, সৈকত নামের কয়েক ব্যক্তি এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তাঁদের সহযোগী হিসেবে ইউসুফ, শামিম, রায়হান, টিটু, অনিক, কাজল, সোহেল, পান সজীব, মাছুম, আরিফ মাঠপর্যায়ে মাদক বিক্রি করেন।
করিমউল্লা বাগের বাসিন্দা রুহুল আমিন মণ্ডল বলেন, এলাকার উঠতি বয়সের ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে। তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকেরা। কিন্তু মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, পুলিশ অনেক সময় মাদক ব্যবসায়ীদের ধরেও ছেড়ে দেয়। এতে মাদক ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের জেলহাজতে পাঠালে পুলিশের লোকসান। এর চেয়ে তাদের ধরে টাকাপয়সা রেখে ছেড়ে দিলে পুলিশের লাভ। কারণ, মাদক ব্যবসা বাড়লে পুলিশেরও ইনকাম বাড়বে।’
তবে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে শতভাগ আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। গত অক্টোবর থেকে গতকাল পর্যন্ত মোট ৯০টি মামলা হয়েছে। এর মধ্যে মাদকসম্রাট কানা খোকনকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আন্তরিক ছিল বলেই তা সম্ভব হয়েছে।
এলাকার বাসিন্দারা যেসব মাদক ব্যবসায়ীর নাম বলেছেন তাঁদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, পোস্তগোলার শাওনের নাম মাদক ব্যবসায়ীদের তালিকায় আছে। তবে তিনি কিছুদিন ধরে কেরানীগঞ্জ অবস্থান করছেন। তাঁকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। বাকিদের বিষয়ে খোঁজ নেওয়া হবে। তাঁদের নজরদারিতে রাখা হবে।
গ্যাস-সংকট
পশ্চিম জুরাইন ও তুলাবাগিচা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাসের লাইনে গ্যাসের চাপ থাকে না বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। তুলাবাগিচার বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, তিন বছরের বেশি সময় ধরে এই এলাকায় গ্যাস-সংকট চলছে। এতে মহল্লার অনেকে ভোর রাতে উঠে রান্নাবান্নার কাজ সারেন। বিষয়টি তিতাসকে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না। এ ছাড়া মহল্লার অনেক জায়গায় গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে গেছে। তা-ও সংস্কার করা হচ্ছে না।
পানি-সংকট
দীর্ঘদিন ধরেই মুন্সিবাড়ি এলাকায় ওয়াসার পানি-সংকট চলছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দিনে দুই-একবার ওয়াসার লাইনে পানি পাওয়া যায়। তা থেকে দুর্গন্ধ আসে। এই পানি দিয়ে গোসল করা যায় না। হাত-মুখ পরিষ্কার করা হলেও শরীর থেকে দুর্গন্ধ আসে। এই পানি দিয়ে রান্নাবান্না করা যায় না। শাহাদত হোসেন রোডের বাসিন্দারাও একই সংকটে ভুগছেন। বিষয়গুলো ওয়াসাকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তা সমাধানে কোনো উদ্যোগ তাঁদের চোখে পড়েনি।
পানি উপচে সড়কে গর্ত
ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক এমসি রোড। স্থানীয় বাসিন্দারা বলেন, দুই বছর আগে সড়কটি ভয়াবহ অবস্থায় ছিল। বড় বড় গর্তে যানবাহন আটকে যেত। অনেক সময় তা উল্টে ঘটত দুর্ঘটনা। পরে তা সংস্কার করে ডিএসসিসি। কিন্তু এখন আবার ওয়াসার পানি উপচে সড়ক সয়লাব হয়ে যাচ্ছে। এতে সড়কে আবার গর্ত হচ্ছে। অবিলম্বে তা সংস্কার করা না হলে সড়কটি তার আগের অবস্থায় ফিরে যাবে।
গতকাল এমসি রোডের পৃথক চারটি স্থানে গর্ত দেখা গেছে।
কমিউনিটি সেন্টার
আলমবাগের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। কিন্তু এখনো তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ তাঁদের বেশি টাকা খরচ করে বেসরকারি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতে হচ্ছে।