হাত-চোখ বেঁধে 'চরমপন্থী নেতা'কে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত-চোখ বেঁধে রবিউল ইসলাম ওরফে বেড়ে রবি (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ধানখেত থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, রবিউল চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক বাহিনীর প্রধান।
কুমারখালী থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে কুমারখালীর গোবরা গ্রামের ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটির চোখ ও পিছমোড়া করে হাত লাল গামছা দিয়ে বাঁধা ছিল। মাথায় ছিল গুলির ক্ষতচিহ্ন। পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিউলকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যার ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি বলেন, রবিউলের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরাণপুর গ্রামে। তাঁর গ্রামের বাড়িতেও খোঁজখবর নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, খুলনা বিভাগীয় পুলিশের কাছে চরমপন্থীদের যে তালিকা আছে তাতে রবিউলের নামও আছে। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর, শৈলকুপা, মাগুরা সদরসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণসহ অন্তত ১২টি মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানা-পুলিশের ভাষ্য, রবিউল ২৫ বছর ধরে চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত। ১৯৯৯ সালে যশোর সার্কিট হাউস মাঠে পুলিশের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছিলেন তিনি। কিন্তু তারপরও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন তিনি। পরে ২০০০ সালে যশোরের একটি হোটেল থেকে ১২টি অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি তিনি বের হয়ে আসেন। বের হয়ে আবারও অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। ঝিনাইদহের পূর্বাঞ্চলটি নিয়ন্ত্রণ করতেন তিনি।
ঘটনার ব্যাপারে রবিউলের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা কুষ্টিয়া গেছেন। গতকাল বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। লাশ রবিউলের ভাতিজা লিয়াকত হোসেনের কাছে হস্তান্তর করা হয়। লিয়াকতেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে রবিউলের এলাকার কয়েকজন বাসিন্দা ও তাঁর এক নিকটাত্মীয় প্রথম আলোকে বলেন, নিহত রবির দুই স্ত্রী ও এক পুত্রসন্তান রয়েছে। তিনি বাড়িতে তেমন থাকতেন না। গত বুধবার রাতে মাগুরা থেকে নিখোঁজ হন তিনি।