হাত-পা বাঁধা অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের সংরক্ষিত লেম্বুরচর জঙ্গল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে মহিপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এদিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন লেম্বুরচরের জঙ্গলের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে। উদ্ধার করার সময় অজ্ঞাতনামা ওই লাশের হাত দুটো পেছন দিক থেকে বাঁধা ছিল এবং জিনসের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরনে ছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, এটি যে হত্যাকাণ্ড তাতে কোনো সন্দেহ নেই। কেউ হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে রাখতে পারে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বুধবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়েজ জানান, লুঙ্গি পরা আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।