হাত-পায়ের রগ কেটে বাবাকে হত্যা
রাজশাহীর বাগমারায় এক ব্যক্তিকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবেদ আলী (৪৫)। এ ঘটনায় পুলিশ নিহত আবেদ আলীর ছেলে সাজেদুর রহমান (২২) ও তাঁর স্ত্রী শাকিলা খাতুনকে (১৯) আটক করেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, গতকাল বুধবার সকালে ইসলাবাড়ী গ্রামের আবেদ আলীর সঙ্গে তাঁর ছেলে সাজেদুর রহমানের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও পরে মারামারি হয়। এ সময় ছেলে ও ছেলের স্ত্রী শাকিলা খাতুন হাঁসুয়া দিয়ে আবেদ আলীর হাত ও পায়ের রগ কেটে ফেলেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সাজেদুর রহমান তাঁকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে নওহাটা এলাকায় তাঁর মৃত্যু হয়। এ সময় গাড়িতে লাশ রেখেই সাজেদুর রহমান পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে থানায় খবর দেয়। দুপুরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার ও সাজেদুর রহমানকে আটক করে। পরে বাড়ি থেকে ছেলের স্ত্রী শাকিলাকেও আহত অবস্থায় আটক করা হয়।
ওসি জানান, এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
থানা হাজতে থাকা অবস্থায় সাজেদুর রহমান এ প্রতিবেদকের কাছে তাঁর বাবার হাত ও পায়ের রগ কেটে হত্যার কথা স্বীকার করে দাবি করেন, তাঁর বাবাই তাঁকে প্রথমে আঘাত করেছেন। এ জন্য তিনি ক্ষুব্ধ হয়ে তাঁর বাবাকে উল্টো আঘাত করেন।