হানিফ বাসে যাত্রীবেশে ডাকাতি, চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে হানিফ পরিবহনের চালক মনজুর হোসেনকে হত্যায় জড়িত ব্যক্তিরা পেশাদার ডাকাত দলের সদস্য। তাঁরা ঘটনার দিন রাতে ঢাকা জেলার সাভার এবং নবীনগর থেকে বাসে যাত্রীবেশে উঠেছিলেন। গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ীর বিটিসি মোড় অতিক্রম করার পর তাঁরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চালক মনজুর হোসেনকে ছুরিকাকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নেন তাঁরা। যাত্রীদের মুঠোফোন ও নগদ টাকা লুট করে বাসটি ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জের চম্পাগঞ্জ হাইস্কুলের সামনে রেখে তাঁরা পালিয়ে যান।

গত ৩১ আগস্ট রাতের ওই ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র‌্যাব। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র‌্যাব জানায়, এ ঘটনার তদন্তে নেমে গতকাল শনিবার ঢাকার আশুলিয়া ও গাইবান্ধায় অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতিতে সরাসরি জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নয়ন চন্দ্র রায় (২২), রিয়াজুল ইসলাম লালু (২২), ওমর ফারুক (১৯), ফিরোজ কবির (২০), আবু সাঈদ মোল্লা (২৫) ও শাকিল মিয়া (২৬)। তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি, লুট করা একটি মুঠোফোন এবং তাঁদের ব্যবহৃত পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাত আটটায় হানিফ পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। সাভার ও নবীনগর থেকে যাত্রীবেশে ডাকাত দলের ছয় সদস্য বাসে ওঠেন। রাত আড়াইটায় গাইবান্ধার পলাশবাড়ীর বিটিসি মোড়ে চালককে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নেন তাঁরা। ডাকাত দলের সদস্য রিয়াজুল চালকের আসনে বসেন। তারপর রংপুরের শটিবাড়ীর ভাবনা ফিলিং স্টেশনে ইউটার্ন করে উল্টো পথে রওনা দেন। চম্পাগঞ্জে পৌঁছানোর পর যাত্রীদের কাছ থেকে সব নিয়ে পালিয়ে যান তাঁরা। গুরুতর আহত অবস্থায় বাসের চালক মনজুর হোসেনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খন্দকার আল মঈন আরও জানান, চক্রের সদস্যরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এই দলে ১০–১২ জন রয়েছেন। গ্রেপ্তার নয়ন চন্দ্র রায় এই দলের প্রধান। তাঁরা দীর্ঘদিন ধরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী বাসে সাধারণ যাত্রীবেশে উঠে ডাকাতি করছিলেন। গত ডিসেম্বর থেকে সাত–আটটি বাসে ডাকাতি করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। চক্রটি পলাশবাড়ী থেকে পীরগঞ্জ পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে সাড়ে আট মাসে এসব ডাকাতির ঘটনা ঘটিয়েছে। পলাশবাড়ী থেকে পীরগঞ্জ মহাসড়কের নির্জন এলাকা বাস ডাকাতির জন্য বেছে নেন তাঁরা। ডাকাতির পর তাঁরা ঢাকার আশুলিয়ায় ফিরে আসেন।

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা ভিন্ন ভিন্ন পেশার আড়ালে ডাকাতি করেন জানিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, চক্রের কেউ কেউ আশুলিয়ায় বিভিন্ন গার্মেন্টসে খণ্ডকালীন কাজ করেন। আবার কেউ কেউ ক্ষুদ্র ব্যবসা, অটোরিকশা চালানোর কাজ করেন। কয়েকজন সদস্য গাইবান্ধায় ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত। গ্রেপ্তার রিয়াজুল ট্রাকচালক। ডাকাতির সময় বাস নিয়ন্ত্রণে নেওয়ার পর তিনি চালকের আসনে বসেন।