হাবিবুর হত্যার ঘটনায় ছাত্রলীগের ১০ জন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মী কাজী হাবিবুর রহমান (২৪) হত্যায় জড়িত থাকার অভিযোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ১০ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত ১০ জনই বিবিএ চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। এঁরা হচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি হোসাইন মুহাম্মদ সাগর, কমিটির সদস্য ইলিয়াছ আহমদ, ইমরান খান, ময়নুল ইসলাম, বশির আহমদ, নাহিদ হোসেন, আওয়াল আহমদ, আশিক আহমদ, সায়মন আহমদ ও নয়ন রহমান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন প্রথম আলোকে বলেন, হাবিবুর হত্যার পর গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির অভ্যন্তরীণ তদন্তে ১০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
গত মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের একটি পক্ষ কাজী হাবিবুরকে কুপিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ফেলে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।