হাবিবুল বাশারের কুষ্টিয়ার বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের কুষ্টিয়ার বাড়িতে চুরি হয়েছে। গতকাল বুধবার শহরের পেয়ারাতলা এলাকার ওই বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙে সাত ভরি সোনার গয়না ও ১০ হাজার টাকা নিয়ে গেছে।
কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) খন্দকার লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও হাবিবুল বাশারের পরিবারের সদস্যরা জানান, পেয়ারাতলা এলাকায় আতাউর রহমান খলিল সড়কের ওই চারতলা বাড়ির নিচতলায় হাবিবুল বাশারের বাবা-মা থাকেন। দোতলায় দুই ভাই, তিনতলায় দুই ভাই ও চারতলায় হাবিবুলের বাসা।
দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকা বড় ভাই মাহবুবুল বাশার বলেন, একই তলার ডানদিকে তাঁদের মেজ ভাই একরামুল বাশার স্ত্রীকে নিয়ে থাকেন। গতকাল সকালে দুজনই বাড়ির বাইরে যান। বেলা ১১টার দিকে তিনি ঘর থেকে বের হতে গেলে বাইরে থেকে আটকা পান। এ সময় তিনি অন্য ভাইকে ডেকে আনেন। বেরিয়ে এসে দেখতে পান ওই বাসার হ্যাজবল ভাঙা। ঘরের ভেতরে আলমারি খোলা।
কুষ্টিয়া মডেল থানার এএসপি খন্দকার লাবনী বলেন, ঘটনার সময় বাড়ির সামনে উচ্চ শব্দে কাজ চলছিল। এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হচ্ছে।