হামলা
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক খন্দকার ওহিদুল বারীর বিরুদ্ধে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেছেন নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুহিদুর রহমান। গত সোমবার দিবাগত রাতে ফরিদপুরের নগরকান্দা থানায় এ মামলা করা হয়। জেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি উভয়েরই বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে। ওহিদুল বারী একই সঙ্গে চরযশোরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওয়াহিদুল বারীর সঙ্গে মুহিদুর রহমানের বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মুহিদ ও তাঁর চাচার বাড়িসহ তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। খন্দকার ওহিদুল বারী বলেন, সোমবার দুপুরে দুই পক্ষের মারামারির সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।