হামলা ও গ্রেপ্তারের ভয়ে চরহোগলা গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চরহোগলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাড়িঘরে এখনো ভাঙচুর ও লুটপাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও গ্রেপ্তারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম।
মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গত সোমবার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন যুবলীগ কর্মী জামাল হোসেন। তিনি চরহোগলা গ্রামের আবদুল খালেকের ছেলে। এ ঘটনায় জামালের চাচাতো ভাই সিরাজুল ইসলাম বুধবার আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে প্রধান আসামি করে ১৫ জনের নামে থানায় মামলা করেছেন।
ঘটনার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনসহ তাঁর অনুসারীদের শতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন। গতকাল চরহোগলা গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িতে তালা ঝুলছে। নাসির উদ্দিনের পক্ষের লোকজন হামলা ও পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। কিছু কিছু বাড়িতে নারীরা অবস্থান করছেন।
গ্রামের বাসিন্দা নাসিমা বেগম (৫৫) বলেন, যুবলীগ নেতা হারুন অর রশিদের সমর্থকেরা গ্রামের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুট করেছেন। প্রতি রাতেই চলছে ভাঙচুর ও হামলার ঘটনা। আরেক বাসিন্দা আলেয়া বেগম বলেন, গ্রামের নারী ও শিশুরাও আতঙ্কে দিন কাটাচ্ছে।
হারুন অর রশিদ বলেন, ‘হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’ তবে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’