কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে দুর্বৃত্তদের হামলা ও ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ওই হামলায় এক ছাত্র আহত হন।
৬ নম্বর বাসের চালক মো. আলাউদ্দিন ও কয়েকজন শিক্ষার্থী বলেন, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কুমিল্লা নগরের বাদুড়তলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির বাসটি কান্দিরপাড় থেকে পুলিশ লাইন এলাকায় যাচ্ছিল। এ সময় ওই সড়ক দিয়ে শোভাযাত্রাসহ সরস্বতী পূজার পিকআপ ভ্যানের বহর যাচ্ছিল। একপর্যায়ে শোভাযাত্রা থেকে বাসে থাকা ছাত্রীদের লক্ষ্য করে রং ছোড়া হয়। বাসে উপস্থিত ছাত্ররা ওই ঘটনার প্রতিবাদ জানান।
এরপরই শোভাযাত্রা থেকে অন্তত ৩০ জন লোক বাসের ভেতরে ঢুকে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করেন। ছাত্রীদের লাঞ্ছিত করা হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হাতের কবজির তিনটি রগ কেটে যায়। এরপর হামলাকারীরা পালিয়ে যান। আহত শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার প্রতিবাদে গতকাল সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। সকাল নয়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা কাঁঠালতলায় সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।
দাবিগুলো হচ্ছে বাসে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নারী নির্যাতন মামলা দায়ের করা, বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, হতাহত শিক্ষার্থীদের চিকিৎসাব্যয় বহন করা, শহরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও লাঞ্ছনাকারীদের বিচারের আওতায় আনা এবং গত বছরের ১৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসচালকের সহকারীকে মারধর করার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হকের বিচার করা।
এরপর বেলা ১১টায় সহস্রাধিক শিক্ষার্থী মিছিল করে বিশ্ববিদ্যালয়ের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকায় এসে অবস্থান নেন। তাঁরা মহাসড়কের মধ্যে কাঠের গুঁড়ি, চার লেন সড়কের কাজের জন্য রাখা ড্রাম রেখে সড়ক অবরোধ করেন। বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখেন। তখন মহাসড়কের দুই দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে জেলা পুলিশ, মহাসড়ক পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায়। দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ মোহাম্মদ আইনুল হক, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল ও ময়নামতি হাইওয়ে (মহাসড়ক) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ মোহাম্মদ আইনুল হক বলেন, বিকেলে কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, পূজার অনেকগুলো গাড়ি ছিল। কোন গাড়ি থেকে হামলা হয়েছে, তা সিসি ক্যামেরা থেকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মামলা করার জন্য বলা হয়েছে। কুমিল্লা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দে বলেন, সরস্বতী পূজার শোভাযাত্রার বহরটি বড় ছিল। শোভাযাত্রার একটি গাড়ির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাসের শিক্ষার্থীদের ঝামেলা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।