হামলা ও সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় গত মঙ্গলবার রাতে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে মোতালেব মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মানিকগঞ্জের শিবালয়ে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগ নেতার হামলায় শাহীন হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ছাড়া মানিকগঞ্জের সিঙ্গাইরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গৃহবধূ ও গাজীপুরের উত্তর বিলাশপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক তরুণ খুন হয়েছেন। এদিকে সিঙ্গাইরের আঙ্গুরিয়া এলাকা থেকে এক গরু ব্যবসায়ী, মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাতনামা নারী এবং গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স কারখানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিিনধিদের পাঠানো খবর:
গাজীপুর: মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ খাইলকুর এলাকায় স্থানীয় সজীব মিয়া, লিমন হোসেন, হুমায়ুন কবিরসহ চারজন ক্যারম খেলছিলেন। এ সময় ক্যারমের চাল দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্যরা মিলে হুমায়ুনকে মারধর করেন। ছেলেকে মারধরের খবর পেয়ে বাবা মোতালেব মিয়া ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে সজীব ও লিমনসহ তাঁদের সহযোগীরা তাঁর ওপর চড়াও হন। তাঁদের এলোপাতাড়ি কিলঘুষিতে মোতালেব মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে মোতালেব ও তাঁর ছেলেকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
এদিকে গাজীপুরের উত্তর বিলাশপুর এলাকায় গতকাল দুপুরে দুর্বৃত্তরা মো. বিল্লাল হোসেন (২৪) নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বিল্লাল পশ্চিম বিলাশপুর এলাকার আবদুল খালেকের ছেলে।
কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা এলাকার এপেক্স ল্যাঞ্জারি কারখানার শৌচাগার থেকে গতকাল সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মকবুল হোসেন (৪৫)। তিনি ওই কারখানায় বাবুর্চির কাজ করতেন।
মানিকগঞ্জ: সোমবার রাতে শিবালয়ের ঘাইচঘর তেওতা উচ্চবিদ্যালয় মাঠে ঈদের নাট্যানুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলী আহসান ওরফে মিঠুকে প্রধান অতিথি না করায় তেওতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার যুবলীগের নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ, আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সোমবার রাতে শিবালয়ের ঘাইচঘর তেওতা উচ্চবিদ্যালয় মাঠে নাট্যানুষ্ঠানের আয়োজন করে সৌখিন নাট্যগোষ্ঠী। সোমবার রাত ১০টার দিকে আলোচনা সভা হয়। এতে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরকে প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলী আহসান ওরফে মিঠু, তেওতা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম হোসেন খানকে বিশেষ অতিথি করা হয়। তবে এ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আলী আহসান উপস্থিত ছিলেন না। আলোচনা সভা শেষে অতিথিরা চলে যান। রাত সাড়ে ১২টার দিকে নাট্যানুষ্ঠান শুরু হয়। রাত একটার দিকে ইউনিয়ন যুবলীগের নেতা মাসুদ রানাসহ ১২-১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে দর্শক সারিতে থাকা শাহীন হামলায় বাধা দিলে হামলাকারীরা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হন। শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মাসুদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিঙ্গাইর উপজেলার বৈন্যা গ্রামে শনিবার রাতে শিবানী মনিদাস (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের শ্রীকান্ত মনিদাসের স্ত্রী। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
একই উপজেলার আঙ্গুরিয়া এলাকা থেকে রোববার সকালে আকরাম হোসেন (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামের মো. কিয়ামুদ্দিনের ছেলে। শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা গরু বিক্রির টাকা লুট করে নিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে।
মুন্সিগঞ্জ: সদর উপজেলার ফরাজিবাড়িরঘাটে ধলেশ্বরীর শাখা নদী থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডের পাশে ধানখেত থেকে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে।