হামলা চালিয়ে আসামি ছিনতাই, ৪ পুলিশ আহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় গতকাল সোমবার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরে থানায় আনার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। হামলায় পুলিশের চার সদস্য আহত হন।
পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে বুড়িচং থানার পুলিশের একটি দল উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামে অভিযান চালায়। এ সময় হত্যা ও ছিনতাইয়ের দুটি মামলার আসামি আবদুল হালিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সিএনজিচালিত অটোরিকশায় হালিমকে তুলে থানার উদ্দেশে রওনা হয় পুলিশ। এ সময় ময়নামতি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেনের নেতৃত্বে দুই শতাধিক নারী-পুরুষ বাজেবাহেরচর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা অটোরিকশাটি থামিয়ে আসামি হালিমকে ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে হামলা চালিয়ে তারা পুলিশের চার সদস্য এএসআই নন্দন সরকার এবং কনস্টেবল শাহাদাত হোসেন, আবদুল মান্নান ও সাফায়েত হোসেনকে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউপি সদস্য আবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামুল শাফী খান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।