হামলা চালিয়ে বাড়িঘর ভেঙে নদীতে নিক্ষেপ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হামলা চালিয়ে একটি পরিবারের ঘর ভেঙে ফেলা হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পাটগাতী বাজারসংলগ্ন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা তপন হাজরা (৫২) এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, পাঁচ মাস আগে তপন হাজরা পাটগাতীর দক্ষিণপাড়া এলাকায় ৬ দশমিক ৫ শতাংশ জমি কেনেন। এরপর একটি দোচালা টিনের ঘর তুলে স্ত্রী কৃষ্ণা হাজরা, দুই ছেলে ও এক মেয়েকে (৯) নিয়ে বসবাস শুরু করেন তিনি। পাটগাতী বাজারে ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তপন। কৃষ্ণা বিভিন্ন বাড়িতে কাজ করেন। শনিবার বিকেলে এলাকার বাসিন্দা যুবলীগের নেতা পরিচয় দানকারী ইয়াছিন খলিফার নেতৃত্বে ১৭-১৮ জন তপন হাজরার ঘর ভেঙে ফেলেন।
হামলার সময় বাড়িতে শুধু তপনের স্ত্রী কৃষ্ণা উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘১৭-১৮ জন লোক রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আমার ঘাড়ে রামদা ধরে আমাকে ঘর থেকে বের করে আনে। পরে বাড়িঘর ভেঙে বাড়িতে ঠাকুরের আসন ও প্রতিমাসহ সব আসবাব, কাপড়, বাসনপত্র পাশের মধুমতী নদী ও একটি ডোবায় ফেলে দেয়।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা যখন আমাদের বাড়িঘর ভাঙছিল, তখন টুঙ্গিপাড়া থানার এসআই মজিবর রহমান তাদের সহযোগিতা করছিলেন।’
এসআই মজিবর রহমান বলেন, ‘ওই বাড়ি ভাঙচুরের সময় আমি গহরডাঙ্গায় ছিলাম। পরে ওসির নির্দেশে আমি ঘটনাস্থলে যাই এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করি।’