হামলা সংঘর্ষ গুলি, আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও গুলিতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া ভোলার রাজাপুর উপজেলায় গতকাল রাতে পুলিশের সঙ্গে বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় এক ইউপি সদস্য। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর চার ধাপের ভোট হয়েছে। আগামীকাল শনিবার পঞ্চম ধাপের ভোট হবে। নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় গত মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অন্তত ৭৯ জন প্রাণ হারিয়েছেন।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: ইউপি নির্বাচনের দ্বিতীয় দফায় গত ৩১ মার্চ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ভোট হয়। এতে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক চৌধুরী। নির্বাচন-পরবর্তী সহিংসতার একটি মামলার আসামি ধরতে গতকাল সন্ধ্যায় স্থানীয় জনতা বাজারে যায় পুলিশ। সেখানে রেজাউলের একজন কর্মীকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় পুলিশ। এরপর ওই পুলিশ ক্যাম্পে হামলা চালান গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে কর্মী-সমর্থক ও গ্রামবাসীর সংঘর্ষ বাধে। তখন পুলিশ ৭০-৮০টি গুলি ছোড়ে। পুলিশের সঙ্গে যোগ দেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মিজানুর রহমানের সমর্থকেরাও। এতে পুলিশের ৫ সদস্যসহ ৪০ জন আহত হন।
রেজাউল হকের পক্ষের ইউপি সদস্য আবদুস সালাম প্রথম আলোকে বলেন, পুলিশের গুলিতে তাঁদের তিন সমর্থক নিহত হয়েছেন। তাঁরা হলেন বেল্লাল জমাদ্দারের ছেলে নোমান জমাদ্দার (১৮), নজু জমাদ্দারের ছেলে ইজাজুল (২৫) এবং রেজাউল হক (২২)। তিনজনের বাড়িই রাজাপুর জনতা বাজারে। তবে তাঁর এ দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
সহকারী পুলিশ সুপার মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা একজন নিহত হওয়ার কথা শুনেছি।’
কুমিল্লা: তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর বাজারের কাছে গতকাল দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোছা. শাকিলা পারভীন ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিতাস থানার উপপরিদর্শক (এসআই) কাজী হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় দুই পক্ষের কেউই এখনো অভিযোগ করেননি।
হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে গতকাল বিকেলে ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেনের গাড়িতে হামলা চালান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. তাইজুল ইসলামের সমর্থকেরা। রাতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাইজুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সরিষাবাড়ী (জামালপুর): ভাটারা ইউনিয়নে ভেবলা গ্রামের পাশের একটি এলাকায় গত বুধবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের গণসংযোগে বিএনপির প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী বলেছেন, এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হন।
যশোর: কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে বুধবার রাতে স্থানীয় গোপসানা বাজারে প্রচারণার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুস্তাফিজুর রহমান এবং বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ বলেছে, মুস্তাফিজুরের নির্বাচনী অফিসে শাহাদাতের কর্মীরা হামলা চালালে এ সংঘর্ষ হয়।
একই দিন রাতে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন স্থানীয় যুবলীগ কর্মী গিয়াসউদ্দিন (৩০)।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় জয়নগর বাজারে আওয়ামী লীগের প্রার্থী এস এম মান্নানের নির্বাচনী কার্যালয়ে বিএনপির প্রার্থী মো. মাসুদুল হক ভূইয়ার কর্মী-সমর্থকেরা ২০-২২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাতজন আহত হয়েছেন।
মুন্সিগঞ্জ: গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিচর গ্রামে গতকাল দুপুরে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল হক ও স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুল হকের সমর্থকদের মধ্যে কয়েক দফা গুলি ও সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।
সখীপুর (টাঙ্গাইল): বুধবার রাতে কাকড়াজান ইউনিয়নের আন্দি এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আজহারুল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।