হামলা হয়, বিচার হয় না কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। পুলিশের সঙ্গে মতবিনিময়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শুধু নাসিরনগরে নয়, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। কিন্তু বিচার হয় না। এ ধরনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে দ্রুত বিচার দাবি করেন তাঁরা।

গতকাল রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় তাঁরা এই দাবি করেন।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের দায়িত্বহীনতার কারণেই এ ঘটনা ঘটেছে। স্থানীয় সাংসদ ও মন্ত্রী এলাকার পরিস্থিতি স্বাভাবিক দাবি করলেও এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।

প্রথম দফায় হামলার পাঁচ দিন পর বৃহস্পতিবার দিবাগত রাতে দ্বিতীয় দফায় হিন্দুসম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় আবারও একটি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হলে নতুন করে আতঙ্ক তৈরি হয়। সব মিলিয়ে নাসিরনগরের পরিস্থিতি এখনো থমথমে।

এমন পরিস্থিতিতে গতকাল রোববার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই সভা চলে। এতে উপস্থিত প্রতিনিধিরা দেশের যেকোনো স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা ঘটলে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ, মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া, নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা তদন্ত এবং প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাসংক্রান্ত মামলাগুলো পর্যবেক্ষণ করার জন্য পুলিশ সদর দপ্তরে একটি সেল করারও দাবি জানান তাঁরা।

নাসিরনগরের ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে গত বুধবারই ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়। আর গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের সঙ্গে গতকালের বৈঠকেও ইউএনও-ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ বৈঠক সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জয়ন্ত সেন প্রথম আলোকে বলেন, ‘নাসিরনগরের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এটা আমাদের হতাশ ও ক্ষুব্ধ করেছে। আমরা পুলিশকে সেটা জানিয়েছি। আমরা অতীতের মামলাগুলোর অবস্থা জানতে চেয়েছি। আমরা বলেছি, হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টানদের ওপর হামলায় কেন সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে না?’

এ বছরের জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনসহ পুরো শহরে ধ্বংসযজ্ঞ চলে। কিন্তু এ ঘটনার ১০ মাসেও মূল হোতারা কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় করা ১৬টি মামলার কোনোটিরই অভিযোগপত্রও দেয়নি পুলিশ। গতকালের বৈঠকেও অতীতের হামলাগুলোর বিচার না হওয়ার সমালোচনা করেন আলোচকেরা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, বারবার একই ধরনের ঘটনা ঘটে। বিচার হয় না কেন? বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ঘটে। আর পাবনার সাঁথিয়া, রামু কিংবা নাসিরনগর—সব জায়গার ঘটনা থেকে এটা প্রমাণিত যে হিন্দু-বৌদ্ধরা কেউ এসব ছবি ছড়ায় না। আবার এ ধরনের ঘটনা ঘটলেই পুলিশ প্রশাসন শুরুতে হালকাভাবে নেয়। শুধু ওসি-ইউএনও কেন, সেখানকার মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা সবাইকে ব্যথিত করেছে।’

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি রনজিত কুমার বড়ুয়া বলেন, নাসিরনগরের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে উপস্থিত প্রায় সবাই ক্ষোভ প্রকাশ করেছেন। সবার কথা শুনে পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

নাসিরনগরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কোন্দল ছিল, এমন কথাও উঠেছে। গতকাল সংবাদ সম্মেলনে মন্ত্রী ছায়েদুল হকও এই অভিযোগ করেছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জেলার নেতাদের সঙ্গে মন্ত্রীর বিবাদ চলছে, এমন কথাও আলোচনায় আসছে। বিশেষ করে হরিপুর ইউনিয়ন পরিষদের প্রার্থী নিয়ে জেলার নেতাদের সঙ্গে মন্ত্রীর দ্বন্দ্বের কথা জেলার নেতারাও স্বীকার করেছেন। ৩০ অক্টোবরের হামলার ঘটনায় হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া জড়িত বলে অভিযোগ ওঠার পর ফারুকসহ স্থানীয় তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল ১৯ জনসহ মোট ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের সঙ্গে মতবিনিময়ে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, সভায় সেদিনের হামলাকারী সাতজনের নাম-পরিচয় পুলিশের কাছে তুলে ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে এমন ঘটনা ঘটেছে কি না, সেটিও পুলিশকে তদন্ত করতে বলা হয়।

২৯ অক্টোবর ফেসবুকে ছবি দেওয়ার অভিযোগে রসরাজ দাস গ্রেপ্তার হওয়ার পরও পরদিন নাসিরনগরে সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গতকালও প্রতিনিধিদল এ কথা বলে। জবাবে পুলিশের আইজি বলেন, মহানগরে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। কিন্তু জেলা ও উপজেলায় সমাবেশের অনুমতি দেয় প্রশাসন। সেখানে পুলিশকে না জানিয়ে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

নাসিরনগরের ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে আইজিপি শহীদুল হক গতকাল হিন্দু নেতাদের উদ্দেশে বলেন, ‘একটি মহল অপপ্রচার চালিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে। পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে। আপনাদের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। আর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ তৎপর থাকবে।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের, মহাসচিব প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, মহানগর সর্বজনীন পূজা কমিটির সদ্য সাবেক সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, সংস্কৃতিকর্মী পীযূষ বন্দ্যোপাধ্যায় ও অরূপ রতন চৌধুরী, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বর্তমান পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন কুমার সাহা, ডিবিসি নিউজ-এর সম্পাদক প্রণব সাহা, আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন বাংলার নির্বাহী সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, বিশেষ শাখার ডিআইজি মাহবুব হোসেন, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. আনোয়ার লতিফ খান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বনজ কুমার মজুমদার, এসবির ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, সিআইডির ডিআইজি ভানুলাল দাস, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এ কে এম শহিদুর রহমান।