হামলাকারী ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তারের আশ্বাস কমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) আবদুল জলিল মণ্ডল। গতকাল সোমবার সকালে কমিশনারের কার্যালয়ের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে কমিশনারের সঙ্গে বৈঠক করেন সাংবাদিক নেতারা।

সাংবাদিকেরা সিএমপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করে সমাবেশ করেন। একপর্যায়ে সেখানে উপস্থিত হন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ছাত্রলীগ হোক আর যে-ই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

পরে মহিউদ্দিন চৌধুরীসহ সাংবাদিক নেতারা পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। পুলিশ কমিশনার জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। থানার পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সিইউজের সভাপতি এজাজ ইউসুফী এক সাপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন।

এর আগে সকালে সিএমপি কার্যালয়ের সামনে সিইউজের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে সমাবেশ হয়। সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নেতা আবু তাহের মুহাম্মদ, আসিফ সিরাজ, মোহাম্মদ ফারুক, দিদারুল আলম প্রমুখ।

গত বুধবার লালদীঘি মাঠে ১৪ দলের পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগের কয়েকজন কর্মী আটজন সাংবাদিকের ওপর হামলা চালান। তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরা ভাঙচুর করা হয়।