হামলাকারী ছিল তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে নামাজ পড়ার সময় মুসল্লিদের ওপর হামলাকারী বন্দুকধারীরা সংখ্যায় ছিলেন তিনজন। এর মধ্যে দুজনের পরনে শার্ট-প্যান্ট এবং একজন পাঞ্জাবি পরিহিত ছিলেন। গুলিবিদ্ধ ইমাম শাহিনুর রহমানের সঙ্গে কথা বলে এমনটা জানতে পেরেছে পুলিশ।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারকক্ষে নেওয়ার আগে গুলিবিদ্ধ ইমামের সঙ্গে কথা বলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। তিনি গত রাত ১০টায় প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারকক্ষে নেওয়ার আগে ইমাম শাহিনুর রহমান জানিয়েছেন, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিলেন। তাঁদের মধ্যে দুজন শার্ট-প্যান্ট পরা এবং একজন পাঞ্জাবি পরা ছিলেন। হামলার পর মসজিদের প্রাচীর টপকে হামলাকারীরা পালিয়েছেন বলেও গুলিবিদ্ধ ইমাম জানিয়েছেন।
এদিকে গতকাল রাত ১০টার দিকে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ শাহিনুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা এবং নিহত মুয়াজ্জিনের লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শিয়া সম্প্রদায়ের মসজিদটির পিলারে কমপক্ষে ছয় রাউন্ড গুলির চিহ্ন দেখেছি। শিয়া সম্প্রদায়ের লোকজন জানিয়েছেন, বিদেশি অর্থে মসজিদটি নির্মিত হয়েছিল। সেখানে শিয়া সম্প্রদায়ের শতাধিক পরিবার বসবাস করে।’
জেলা প্রশাসক বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে র্যাব-পুলিশ-পিবিআইয়ের কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।