হামলাকারীদের চেনে না কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ইলেকট্রনিক পণ্যের একটি বিক্রয়কেন্দ্রে তাণ্ডবের ঘটনায় এখনো মামলা হয়নি। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও কেউ মুখ খুলছেন না।

গত রোববার লালখান বাজার এলাকায় এসি বাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয়কেন্দ্রের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় বিক্রয়কেন্দ্রের পাঁচ কর্মী আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের অভিযোগ, ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছেন।

জানতে চাইলে বিক্রয়কেন্দ্রের মালিক জুনাব আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কারা হামলা করেছে, তা এখনো জানি না। মামলা করা হবে কি না, সেটা পরে জানানো হবে।’ এরপর মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন জুনাব আলী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, মামলা করতে বিক্রয়কেন্দ্রের মালিকপক্ষকে একাধিকবার ফোন করা হয়েছে। কিন্তু তাঁরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। মামলা করলে পুলিশ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেবে।

এদিকে হামলাকারীদের পরিচয় সম্পর্কে কেউ মুখ খুলছেন না। ঘটনাস্থলের পাশের এসি সেল সেন্টার নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মো. আলাউদ্দিন বলেন, ‘হামলাকারীরা ট্রাক নিয়ে এসেছে। হামলা করে চলে গেছে। তারা স্থানীয় হলে চিনতাম।’ তিনি বলেন, ‘ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেনি। শুনেছি, কয়েক দিন আগে ২০-২৫ জন যুবক ওই বিক্রয়কেন্দ্রের পিকআপ ভ্যানে করে নগরের স্টেশন থেকে অক্সিজেন যেতে চেয়েছিল। তাদের ওই আবদার রক্ষা না করায় এ হামলা হয়েছে বলে শুনেছি।’

ঘটনার দিন খুলশী থানার ওসি বলেছিলেন, নগরের ওমরগণি এমইএস কলেজের একদল উচ্ছৃঙ্খল ছাত্র ওই হামলার সঙ্গে জড়িত।

ছাত্রলীগ নিয়ন্ত্রিত ওমরগণি এমইএস কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ওই দিন আমাদের কোনো মিটিং-মিছিল ছিল না। আমাদের ছেলেরা কেন হামলা করতে যাবে?’

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘মালিকপক্ষও বলতে পারছে না কারা হামলা করেছে। তাঁরা তথ্য-প্রমাণ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

গতকাল সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এসি বাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয়কেন্দ্রটি বন্ধ। দুর্বৃত্তদের হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত পাশের এসি প্যালেস নামের দোকানটিও বন্ধ।

এসি বাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয়কেন্দ্রের বিক্রয় ব্যবস্থাপক মো. ওয়াসিম নূর জানান, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্রয়কেন্দ্র খোলা ছিল। ওই সময় বিক্রয়কেন্দ্রের ভেতর থেকে ভাঙচুর করা পণ্যসামগ্রী সরানো হয়। এ ছাড়া ভাঙা কাচের টুকরো পরিষ্কার করা হয়।