যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে পুরস্কার পাঁচ লাখ টাকা
হামলাকারীদের তথ্য দিলে পুরস্কার দেবে র্যাব
‘ওরা বোমাবাজ, ওরা সন্ত্রাসী, ওরা রাষ্ট্রবিরোধী, বিপথগামী। আপনার চারপাশে ওত পেতে আছে এসব নরঘাতক-সন্ত্রাসী।’ টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে এভাবেই বোমাবাজদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে এদের ধরিয়ে দিলে অর্থ পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
এদিকে যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপকারীদের ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। গতকাল পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
গতকাল শনিবার সকালে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুরস্কার দেওয়ার কথা জানান র্যাবের নতুন মহাপরিচালক বেনজীর আহমেদ। সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন স্থানে বোমা হামলা ও গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য ভিডিও প্রজেক্টরে দেখানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই র্যাবের পক্ষ থেকে বিভিন্ন অঙ্কের পুরস্কার প্রদানের ঘোষণাসংবলিত প্রচারপত্রও বিতরণ করা হয়। প্রচারপত্রে তথ্যদানকারীদের পরিচয় গোপন রাখার কথাও জানানো হয়।
র্যাবের মহাপরিচালক জানান, কোনো ব্যক্তি ককটেল নিক্ষেপকারী সম্পর্কে তথ্য দিলে ১০ হাজার টাকা, ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। গাড়িতে ককটেল নিক্ষেপ, বোমা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ছবি ব্যক্তিগত মোবাইল বা ক্যামেরায় ভিডিও চিত্র ধারণ করে র্যাবকে দিলে ১০ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রলবোমা নিক্ষেপকারী ও যানবাহন ভাঙচুরকারীদের গ্রেপ্তারে সাহায্য করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারী ও সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা দেওয়া হবে। পেট্রলবোমা নিক্ষেপকারী সম্পর্কে তথ্য দিলে ২০ হাজার টাকা, হাতেনাতে গ্রেপ্তারে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী ও সংগঠকদের সম্পর্কে তথ্য দিলেও এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
খালেদা জিয়ার কর্মসূচি ঘোষণার পর থেকে এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে। এটাকে রাজনৈতিক সমস্যা মনে করেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দেব না। গাড়িতে বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করলে সেটা কি রাজনীতি হবে? এটা দেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। এসব অপরাধ থেকে রক্ষা পাওয়ার অধিকার মানুষের রয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী কিছুই করতে পারছে না, এই ব্যর্থতাকে আপনি কীভাবে দেখেন, এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘না এটা কমে আসছে। বিশেষ করে নর্থ বেঙ্গল অনেক কোয়াইট। আমরা মনে করি কেউ ফেইল করেনি, পর্যায়ক্রমে এটি কমে এসেছে। মিডিয়া, সুশীল সমাজ, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ নিয়ে এটি বন্ধ করতে পারব।’
রংপুরে দেওয়া একটি বক্তব্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে র্যাবের মহাপরিচারক বলেন, ‘আমি জানি না কেন একটি বৃহত্তর পলিটিক্যাল জোট এ রকম শার্প রিঅ্যাকশন দেখাল। আমরা কখনোই প্রত্যাশা করি না যে আমরা রাজনৈতিক দলের প্রতিপক্ষ। রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের অংশ। রাজনৈতিক দল রিঅ্যাকশন দেখাবে। এটা আমাদের হতাশ করেছে, আমরা ফ্রাসটেটেড, আমরা খুবই স্তম্ভিত হয়েছি। আমরা কথা বলেছি সন্ত্রাসের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সম্পদ ধ্বংসের বিরুদ্ধে। সম্পদ ধ্বংসের বিরুদ্ধে কথা বললে, খুনের বিরুদ্ধে কথা বললে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে কেন পলিটিশিয়ানরা রিঅ্যাক্ট করবেন? আমার পেশাগত দায়িত্ব এদের বিরুদ্ধে কথা বলা। এতে করে জাতি হতাশ হয়েছে।’
নাশকতার কথা বলে নেওয়া পদক্ষেপকে সবাই গুপ্তহত্যা বলছে, এ প্রশ্নের জবাবে বেনজীর বলেন, ‘এগুলো পলিটিক্যাল কথাবার্তা। আমাদের দেশের একশ্রেণির মানুষ সবকিছুকে পলিটিসাইজ করতে পছন্দ করেন। ফ্রান্সে যখন দুই ব্যক্তি এনকাউন্টারে মারা গেল, তখন তো কেউ কথা বললেন না। বম্বে তাজেও কী ঘটল? শুধু ফ্রান্সই না, ব্রিটেনেও এসব ঘটনা অহরহ ঘটছে। কিন্তু তারা এগুলো লিখে লিখে জাতিসংঘে পাঠায় না। তারা সেগুলো বিকৃতি করে মানবাধিকার সংগঠনে পাঠায় না। ফ্রান্সে যে ঘটনা ঘটেছে সে জন্য কি ফ্রান্সের লোকজন বাংলাদেশ দূতাবাসে এসে কান্নাকাটি করেছে? ফ্রান্সে কি মানবাধিকার সংস্থা নেই। হোয়াই দিস পিপল ডু ইট, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড।’