ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় ভাইবোন নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত গ্রামবাসী হামলাকারীদের বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাতটি ঘর পুড়ে যায়। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাছুরের ধান খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত রোববার গৌরীপুর উপজেলার বৈরাটি গ্রামে আফতাব উদ্দিন, তাঁর ভাই ফজলুল হক ও গেনু মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন রামদা ও দা নিয়ে প্রতিবেশী রাত্তিক মিয়ার বাড়িতে হামলা করে। হামলায় আহত রাত্তিক মিয়া ও তাঁর বোন রাজিয়া আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে ‘প্রতিপক্ষের হামলায় ভাইবোন নিহত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
গত রোববার রাত আনুমানিক আটটার দিকে রাত্তিক ও রাজিয়ার লাশ বাড়িতে নিয়ে আসার সময় গ্রামবাসী উত্তেজিত হয়ে আফতাব উদ্দিন ও গেনু মিয়ার বাড়িতে আগুন দেয়। এসব ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।