হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মুক্তাদির শাওনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক পক্ষের কর্মী মুক্তাদির শাওনকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মুক্তাদিরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল সকাল আটটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। নয়টার পর বেশ কয়েকজন শিক্ষার্থী ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার জন্য একাডেমিক ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীরা রাস্তা দখল করে রাখায় তাঁরা সেদিকে যেতে পারেননি।
সকাল ১০টার দিকে ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ মশিউল হক ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সাদিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষক গোলচত্বরে যান। ২৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দেন। তবে নোটিশ দেওয়ার আগে ক্লাসে ফিরে যেতে অস্বীকৃতি জানান শিক্ষার্থীরা। তখন ছাত্রকল্যাণ পরিচালক ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে একাডেমিক ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন। একপর্যায়ে ক্লাস করতে ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন আন্দোলনরত ছাত্রীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করলে শিক্ষকেরা সেখান থেকে চলে যান।
বেলা একটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষকদের আন্দোলন সমর্থনের অনুরোধ জানিয়ে প্রচারপত্র বিলি করেন।
বেলা তিনটার দিকে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে কম্পিউটার কৌশল বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র সজল আহমেদ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে।
উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শাওনের ওপর হামলার ঘটনায় আমরা মর্মাহত। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এ কাজ করতে কিছু সময়ের প্রয়োজন।’