
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি নিয়ে হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তিনি কী উদ্দেশ্যে ঘটনা ঘটালেন, তা-ও স্পষ্ট হয়নি।
আহতাবস্থায় গ্রেপ্তার হওয়া হামলাকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে ভর্তি করে কড়া নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই কেবিনে গতকাল দিনভরই বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের আনাগোনা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, হামলাকারী যুবক কিছুই বলছেন না। তিনি চিকিৎসাধীন থাকায় জোরালোভাবে জিজ্ঞাসাবাদও করা যাচ্ছে না। এই যুবক কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি করেছে।
এদিকে ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত আনসার সদস্য সোহাগ আলীকে হত্যার ঘটনায় গতকাল সোমবার বিমানবন্দর থানায় হত্যা মামলা করেছেন আনসারের প্লাটুন কমান্ডার আশরাফুল আলম। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শিহাব লেখা হয়েছে। রোববার রাতে গ্রেপ্তারের পর ওই ব্যক্তি নিজের নাম বলেছিলেন শিহাব।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মিয়া প্রথম আলোকে বলেন, মামলায় আনসার সদস্যকে হত্যাসহ সরকারি কাজে বাধা ও অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, হামলাকারীকে প্রথমে বিমানবন্দরের পরিচ্ছন্নতায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান এ কে ট্রেডার্সের কর্মী বলে ধারণা করা হয়েছিল। তবে এ কে ট্রেডার্স নিশ্চিত করেছে, ওই ব্যক্তি তাঁদের কর্মী নন। এ ছাড়া তাঁর পরনে পরিচ্ছন্নতাকর্মীর পোশাক পরা ছিল বলে যে তথ্য প্রচার পেয়েছে, তারও কোনো সত্যতা মেলেনি। সিসি টিভির ফুটেজেও দেখা গেছে, লোকটির পরনে ছিল একটি হলুদ গেঞ্জি ও কালো প্যান্ট। এখন পর্যন্ত তাঁর প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, হামলাকারী ব্যক্তি জিজ্ঞাসাবাদে উল্টাপাল্টা তথ্য দিচ্ছেন।
সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ দেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হামলাকারী ব্যক্তি খুবই ক্ষুব্ধ ভঙ্গিতে দ্রুতগতিতে ছুরি চালাচ্ছিলেন। তাঁর চেষ্টা ছিল বিমানবন্দরের টার্মিনালের ভেতরে ঢোকার। তাঁকে ঠেকাতে আনসার সদস্যরা ব্যাগ বহনের ট্রলি, লোহার পাইপ ইত্যাদি নিয়েও ছোটাছুটি করেন। শেষ পর্যন্ত টার্মিনালের ভেতরে তাঁকে ধরা সম্ভব হয়। ধরে ফেলার পরও তিনি ছুরি চালানোর চেষ্টা করছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন, গতিবিধি দেখে তিনি ধারণা করছেন, হামলাকারী যুবকের উদ্দেশ্য ছিল বিমানবন্দরের টার্মিনালের ভেতরে ঢুকে আতঙ্ক সৃষ্টি করা। তিনি ড্রাইভওয়েতে ছুরি হাতে দৌড়ানোর সময় সাধারণ যাত্রীদের আঘাত করার কোনো চেষ্টা করেননি। কেবল নিরাপত্তায় নিয়োজিত বাহিনীগুলোর সদস্যদেরই আঘাত করেছেন। আঘাতের সময় লোকটি ছিলেন খুবই ক্ষিপ্ত।
ওই কর্মকর্তা বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সব বাহিনীর সদস্যদেরই অস্ত্র রয়েছে। কিন্তু ভিড়ের মধ্যে গুলি চালানো ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, লোকটি সেই ঝুঁকি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।
জানতে চাইলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন উপকমিশনার প্রথম আলোকে বলেন, হামলাকারী যুবক কোনো জঙ্গিদলের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা লোকটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর করছেন। তাঁর পরিচয় ও অতীত জানার চেষ্টা চলছে। গতকাল পর্যন্ত আঙুলের ছাপ মিলিয়ে তাঁর কোনো জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।