ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের ওপর ছুরি নিয়ে হামলাকারী যুবকের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁর নাম সিহাব উদ্দিন। বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মৃগীডাঙ্গায়। তিনি গাজীপুরে একটি জুতার কারখানায় চাকরি করতেন। মা-বোনকে নিয়ে গাজীপুরে বাসা ভাড়া করে থাকতেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সিহাব কেন, কী উদ্দেশ্যে বিমানবন্দরে হামলা করতে গেলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে যেসব তথ্য দিয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ জন্য আজ শনিবার তাঁকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
বিমানবন্দরে হামলা ও এক আনসার সদস্যকে হত্যার মামলাটি এখন তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ (সিটি)। তদন্ত-তদারক কর্মকর্তা সিটির উপকমিশনার মহিবুল ইসলাম খান গতকাল শুক্রবার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিহাবের মা ও বোনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
৬ নভেম্বর সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালান ওই যুবক। তাঁর ছুরিকাঘাতে আনসার সদস্য সোহাগ আলী নিহত এবং আনসার ও এপিবিএনের তিন সদস্য আহত হন। একপর্যায়ে আক্রমণকারী যুবককে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ওই যুবক একেক সময় একেক তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্ট করেন। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলেননি। কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়টিও জানার চেষ্টা চলছে।