হামলায় মুক্তিযোদ্ধা আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মামলা তুলে না নেওয়ায় শহিদ উদ্দিন ভূঁইয়া (৬৯) নামে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহিদ উদ্দিন ভূঁইয়া বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও বিষ্ণুপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। তিনি অভিযোগ করে বলেন, বিষ্ণুপুর গ্রামের আলমগীর হোসেন ভূঁইয়ার ছেলে সনি ভূঁইয়ার (১৮) নেতৃত্বে একদল যুবক তাঁর ওপর হামলা চালান।
শহিদ উদ্দিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর শহিদ উদ্দিনের বড় ভাই দুধ মিয়ার বাড়িতে সনি চুরি করেন। শহিদ বিষয়টি সনির চাচা গিয়াস উদ্দিনকে জানান। পরদিন এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শহিদ উদ্দিনের পথরোধ করেন সনি। চাচার কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করায় শহিদ উদ্দিনের সঙ্গে তিনি কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সনি একপর্যায়ে শহিদকে চড় মারেন। পরে চুরির ঘটনায় শহিদ উদ্দিন থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর ওই দিন রাতেই সনিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় সনি এক মাস কারাগারে ছিলেন।
শহিদ উদ্দিনের ছেলে মো. শামীম বলেন, মামলা দায়েরের পর থেকে সনিসহ তাঁর পরিবারের লোকজন বাবাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। ১৫ জুলাই বাড়ি থেকে নামাজ পড়তে বের হলে সনিসহ কয়েকজন যুবক তাঁর বাবা শহিদের পথরোধ করে থানা থেকে চুরির মামলা তুলে নিতে হুমকি দেন। এ ছাড়া গত রোববার রাত নয়টার দিকে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সনিসহ একদল যুবক তাঁর বাবা শহিদের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুন জানান, মুক্তিযোদ্ধার ওপর হামলার বিষয়টি খুবই জঘন্য হয়েছে। এ বিষয়ে জানতে সনির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে সনির বাবা আলমগীর হোসেন বলেন, তাঁর ছেলে সনির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা নিয়েই শহিদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব। কিন্তু গত রোববার রাতে শহিদের ওপর তাঁর ছেলে হামলা করেননি। ্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।