হামলার অভিযোগে আইনজীবীসহ দুজন গ্রেপ্তার
বরগুনার আমতলী উপজেলায় তিন পুলিশের ওপর হামলা ও পুলিশের ওয়্যারলেস সেট ভেঙে ফেলার অভিযোগে স্থানীয় এক আইনজীবী ও তাঁর চাচাতো ভাইকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আইনজীবী মাইনুল আহসান তালুকদার ও রিপন তালুকদার।
মাইনুল আহসান তালুকদারের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ মাইনুলকে গ্রেপ্তারের পর রাতে থানা হেফাজতে তাঁর ওপর নির্দয় নির্যাতন চালিয়েছে।
তবে আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করেছেন।
থানা-পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত ১০টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ঘটখালী এলাকায় রিপন তালুকদার ও বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক অপু রায়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহী আহত হন।
মাইনুল আহসান তালুকদার চাচাতো ভাইয়ের আহত হওয়ার খবর পেয়ে ৭-৮ জন লোক নিয়ে হাসপাতালে আসেন। এ সময় আহত সাংবাদিক অপু রায়কে মারধর করায় পুলিশ বাধা দেয়। এ সময় মাইনুল এসআই আরিফুর রহমানের হাতে থাকা ওয়্যারলেস সেট কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলেও অভিযোগ করে পুলিশ।