হামলার কথা স্বীকার বিএনপি কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মেহেদী হাসান নামে বিএনপির স্থানীয় এক কর্মী। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা এ কথা জানান।
মেহেদীর স্বীকারোক্তিতে বুধবার রাতে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লুৎফুল বারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আলাউল আকবর গত বুধবার মেহেদীর জবানবন্দি রেকর্ড করেন। পুলিশের তথ্যমতে, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মেহেদী হামলার কথা স্বীকার করেছেন। মেহেদী জানিয়েছেন, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুল বারী তাঁকে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাসে পেট্রলবোমা ছোড়ার পরিকল্পনায় সম্পৃক্ত করেন। দুটি পেট্রলবোমায় মেহেদী আগুন ধরিয়ে দেন। সঙ্গে থাকা দলের অন্য দুই কর্মী বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়েন।
পুলিশ জানায়, ৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকায় বাসে পেট্রলবোমা ছোড়ার ওই ঘটনা ঘটে। এতে ১১ যাত্রী দগ্ধ হয়।