প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের গুলিতে আহত রাজধানীর সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার হাজি মোহাম্মদ সাঈদের (৬০) শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি গুলি বের করা হয়েছে। জ্ঞান ফেরার পর গতকাল বুধবার সকালে তিনি ছেলের সঙ্গে কথা বলেছেন।
এই হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নয় সাঈদের পরিবার ও পুলিশ। তাঁকে গত মঙ্গলবার রাতে সূত্রাপুরের দেবেন্দ্রনাথ রোডে নিজ বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা।
গতকাল দুপুরে সাঈদের স্ত্রী আনারকলি সাঈদ জানান, কেন বা কী কারণে এ হামলা হলো, তা তাঁরা কিছুতেই বুঝতে পারছেন না।
হামলার কারণ নিয়ে পুলিশও নিশ্চিত নয়। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, দলের কমিটি নিয়ে বিরোধ ছাড়াও শ্যামবাজারে চাঁদাবাজির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ পরিবারের অভিযোগ পাওয়ার অপেক্ষা করছে।