হামলার খবর পেয়েই ছুটে গিয়েছিলেন ওসি সালাউদ্দিন

সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে সাদাপোশাকেই গুলশানে ছুটে গিয়েছিলেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। ভেতর থেকে সন্ত্রাসীদের ছোড়া বোমা ও গুলিতে পুলিশের কয়েকজন কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সালাউদ্দিন গুরুতর আহত হন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণের পরে সালাউদ্দিন স্যার দুই পা হেঁটে রাস্তার ওপর পড়ে গেলেন।’ তিনি জানান, কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারীরা হামলা চালিয়ে বসে। বেশ কিছুক্ষণ মাটিতে পড়ে থাকেন সালাউদ্দিন। পরে পুলিশের একটি গাড়িতে করে তাঁকে পাশের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
গতকাল শনিবার বেলা একটার দিকে ওসি সালাউদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে বেলা দুইটার দিকে সেখানকার ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেল মাহমুদ জানান, একটি স্প্লিন্টার সালাউদ্দিনের গলার মাঝামাঝি লেগে গুরুত্বপূর্ণ শিরা-ধমনি ছিঁড়ে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
সালাউদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া গ্রামে। তিনি ১৯৯১ সালে উপপরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০৭ সালে পরিদর্শক পদে পদোন্নতি পান। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইিড), ডিএমপির কোতোয়ালি, মিরপুর ও বনানী থানার ওসি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অনবরত কাঁদছিলেন সালাউদ্দিনের বড় ভাই রাজিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই রক্ত দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এ দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।’
সালাউদ্দিন এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে সালাউদ্দিনের মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে আনা হয়। এর কিছুক্ষণ পর সালাউদ্দিনের স্ত্রী, সন্তান ও স্বজনেরা সেখানে আসেন। বিকেল পাঁচটার দিকে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ও র্যাব-৩-এর পক্ষ থেকে নিহত সালাউদ্দিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সালাউদ্দিনকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আমাদের ফরিদপুর অফিস জানায়, সালাউদ্দিনের মৃত্যুর খবরে তাঁর গোপালগঞ্জের বাসায় আত্মীয়স্বজন ও এলাকাবাসী ভিড় করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।