হামলার ঘটনায় এখনো মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার হোসনি দালানের সামনে বোমা হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় আটক যুবকের কাছ কোনো তথ্য পাওয়া গেছে কিনা সে ব্যাপারেও কিছু বলছেন না পুলিশ কর্মকর্তারা। তবে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ওই যুবককে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে জানান, ওই বোমা হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত কিশোর সাজ্জাদের পরিবার তার দাফন-কাফন নিয়ে ব্যস্ত। ব্যস্ততা শেষে সাজ্জাদের পরিবারের লোকজন থানায় এসে লিখিত অভিযোগ দেবেন। এরপর তা মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে।

তবে মামলা না হলেও তদন্তকাজ এগোচ্ছে বলে জানান এসআই।

এদিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক যুবকের নাম আব্দুল কাদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে ঘটনার ব্যাপারে তথ্য নেওয়ার চেষ্টা চলছে। ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।