হামলার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীর মামলা, যুবলীগ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় আজ বুধবার যুবলীগ সদস্য সাব্বির হোসেনকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। মামলার আগে আজ ভোরে আটক সাব্বিরকে পরে গ্রেপ্তার দেখানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত অভিযোগে পৌর যুবলীগের সদস্য সাব্বির হোসেনকে আজ ভোরে কানাইখালি এলাকা থেকে আটক করা হয়। ওই ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী বাদী হয়ে আজ সকাল ১০টার দিকে মামলা করেন। মামলায় সাব্বির হোসেনের নাম উল্লেখসহ আটজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর সাব্বিরকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে পুলিশ রিমান্ডে নিয়ে তাঁর সঙ্গে ওই ঘটনায় আর কারা কারা জড়িত ছিল তা উদ্‌ঘাটনের চেষ্টা করবে।

আহাদ আলী সরকার আজ দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল তাঁর লোকজনকে দিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন। হামলাকারী সাব্বিরকে প্রায়ই সাংসদ শফিকুলের সঙ্গে চলাফেরা করতে দেখা যায়। কিছুদিন আগে শহরের একটি পত্রিকা অফিস থেকে র‍্যাব সদস্যরা সাব্বিরকে আটক করলে সাংসদ তাঁকে ছাড়িয়ে নেন বলেও বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল। আহাদ আলী সরকার বলেন, তাঁর বাড়ির ঘটনাটি তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করেছেন।

এ ব্যাপারে নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল সাংবাদিকদের বলেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাঁদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে দুর্বৃত্তরা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কানাইখালির বাসার ভেতরে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের ক্রিকেট স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করে। দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়।