বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হাতে মারধরের শিকার আবদুর রউফের বাবা আলাউদ্দিন সরকার মারা গেছেন। রউফের বোন বীনা বেগম অভিযোগ করেছেন, আবারও হামলার ভয়ে তাঁরা বাবার লাশ নেওয়ার জন্য ওই হাসপাতালে যাননি।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ভোরে আলাউদ্দিন সরকার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। আলাউদ্দিনের এক স্বজন লাশ নিয়ে গেছেন।
আলাউদ্দিনের স্বজনেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আলাউদ্দিন সরকারকে গত শনিবার রাতে ওই হাসপাতালে নেন স্বজনেরা। রোববার ফ্যানের সুইচ বন্ধ করা নিয়ে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডার জের ধরে আটকে রেখে বেদম মারধর করা হয় আলাউদ্দিনের ছেলে রউফ সরকারকে। একপর্যায়ে তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ দিতে চাইলে আরেক দফায় রউফ সরকার ও তাঁর বোন বীনা বেগমসহ দুই নারীর ওপর হামলা করা হয়।
বীনা বেগম মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাবাকে বাঁচানোর জন্য সিরাজগঞ্জ থেকে বগুড়ার হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকদের অবহেলায় বাবাকে বাঁচাতে পারিনি। উল্টো ভাইবোন চিকিৎসকদের হাতে মার খেয়েছি। পদে পদে লাঞ্ছিত হয়েছি। বাবাকে বাঁচানোর জন্য হাসপাতালে গিয়ে বিনা অপরাধে আমার ভাইকে মেরে তাঁরা পুলিশে দেন। সোমবার থানা থেকে ভাইকে ছাড়িয়ে নিয়ে সিরাজগঞ্জ এসেছি। ইন্টার্ন চিকিৎসকদের ভয়ে হাসপাতালে যেতে পারিনি। সকালে বাবা মারা গেছেন। লাশও নিতে যেতে পারিনি। অন্য এক স্বজন লাশ নিয়ে এসেছেন।’
বীনা অভিযোগ করে বলেন, ‘রোববারের ঘটনার পর সেখানে বাবাকে রাখা নিরাপদ মনে করিনি। বারবার আমরা ঢাকায় নিতে চেয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়নি। বাবাকেও বাঁচাতে পারেনি। এ কষ্ট রাখব কোথায়?’
তবে রোববারের ঘটনায় হাসপাতাল প্রশাসন থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান ও হাসপাতালের উপপরিচালক নির্মলেন্দু চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আলাউদ্দিন সরকারকে বাঁচানোর সব প্রচেষ্টা চালানো হয়েছে। তাঁর চিকিৎসায় মেডিসিন বিভাগের প্রধান জাকিউর রহমানের নেতৃত্বে মেডিকেল বোর্ড করা হয়েছিল। বোর্ডের সুপারিশ ছিল, ঢাকায় নেওয়ার মতো অবস্থা নেই ওই রোগীর। এ জন্য হাসপাতালের আইসিইউতে রেখেই বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলেছে।’
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরও স্বজনদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। মুমূর্ষু রোগীর স্বজনদের মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনার পর নিজেদের নিরাপত্তার দাবিতে হাসপাতাল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। হাসপাতালের পরিচালকের কক্ষে সাংবাদিকদের সামনে ওই রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার ভিডিও প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের সনদ বাতিলের নির্দেশ দেন।
এ ঘটনায় হাসপাতালের উপপরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত কমিটির প্রধান নির্মলেন্দু চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এ রকম নির্দেশ তাঁরা এখনো হাতে পাননি। তিনি বলেন, বুধবার থেকে তদন্ত শুরু হবে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করা হবে।
তদন্তে ভিডিও ফুটেজ আমলে নেওয়া হবে কি না, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘সবকিছুই আমলে নেওয়া হবে। তা ছাড়া শেষ দফায় মারধর হয়েছে সবার সামনেই। কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত ব্যক্তিরা শাস্তি পাবে।’
আরও পড়ুন: