হামলার ভয়ে রেলস্টেশন বন্ধ চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনের কার্যক্রম চার দিন ধরে বন্ধ রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ভাইসহ তাঁর স্বজনদের হামলার শিকার হয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে আর স্টেশনে আসছেন না বলে জানিয়েছেন স্টেশনমাস্টার।
স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের এই স্টেশন থেকে যাতায়াতকারী অসংখ্য যাত্রী প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। আর আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে সিগন্যাল নিয়ন্ত্রণের মাধ্যমে স্টেশনটিতে ট্রেন থামানো হচ্ছে। তবে যাত্রীরা ট্রেনে উঠছেন বিনা টিকিটেই।
প্রত্যক্ষদর্শী, মুকুন্দপুর রেলস্টেশন ও আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্টেশনসংলগ্ন গাছ থেকে আম পেড়ে স্টেশনের কর্মচারীরা ভাগাভাগি করে নেন। এরপর সন্ধ্যায় স্থানীয় কামালমোড়া গ্রামের শাহজাহান, মানিক ও মুশফিকের নেতৃত্বে সাত-আটজন স্টেশনমাস্টারের কক্ষে হামলা চালান। শাহজাহান পুলিশের রংপুর বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ূন কবিরের ছোট ভাই। হামলার সময় স্টেশনমাস্টার এস এম হুমায়ূন কবীরসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা নিকটবর্তী বিজিবির মুকুন্দপুর ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন।
স্টেশন সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী বাল্লা, কুশিয়ারা, জালালাবাদ, সুরমা মেইল ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে যাত্রাবিরতি দেয়। গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। আর টিকিট বিক্রি হয় ৮ থেকে ১০ হাজার টাকার। কিন্তু গত চার দিন ধরে কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারসহ স্টেশনমাস্টারের কক্ষ ও টিকিট কাউন্টার বন্ধ। স্টেশনে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। যাত্রীরা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছেন। সিলেটগামী যাত্রী মাইন উদ্দিন ও সোহাগ মিয়া বলেন, ‘এক ঘণ্টা ধরে বসে আছি। ট্রেন যথাসময়ে আসবে কি না, জানতেই পারছি না।’
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনউদ্দিন চিশতি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য গত ২০ মে ইউনিয়নের কামালমোড়া, সেজামোড়া, বোয়ালনগর ও নজরপুর গ্রামের লোকজনকে নিয়ে বসেও সমাধান করতে পারিনি। বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।’
মুকুন্দপুর স্টেশনমাস্টার এস এম হুমায়ূন কবির বলেন, স্টেশন এলাকার গাছ থেকে আম পাড়া নিয়ে দ্বন্দ্বে তিনিসহ স্টেশনের সাতজন কর্মকর্তা-কর্মচারী শাহজাহানসহ স্থানীয় প্রভাবশালীদের ভয়ে স্টেশনে যাচ্ছেন না। তিনি বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আখাউড়া রেলওয়ে থানাকে জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে শাহজাহান মিয়া বলেন, ‘স্টেশনে বেশি দামে টিকিট বিক্রি করা হয়। এ বিষয়ে জিজ্ঞেস করায় তারা সবাই মিলে আমাদের বিরুদ্ধে এসব বানিয়ে বলছেন। আমার ভাই পুলিশের ডিআইজি এই ধরনের কোনো দাপট আমি দেখাইনি।’
জানতে চাইলে রেলওয়ের ঢাকা বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে গত বুধবার আখাউড়া রেলওয়ে থানাকে লিখিতভাবে জানানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে বুধবার তিনি মুকুন্দপুর রেলস্টেশনে যান। তবে এ ব্যাপারে তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি জানিয়ে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।