
ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামের ২০ জন কৃষককে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষে ও পুলিশের গুলিতে ১০ জন আহত হয়েছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামের একদল পুরুষ পাশের একটি মাঠের মধ্যে অবস্থান করছেন। সেখানেই রান্না এবং খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দলটির একজন পিকুল হোসেন বলেন, গত ইউপি নির্বাচনের সময় তাঁরা ছিলেন সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামানের (ফরিদ) পক্ষে। তিনি ছিলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। নির্বাচনে জয়ী হন দলটির প্রার্থী আবদুল্লাহ আল মাসুম। পরানপুর গ্রামে ফারুকুজ্জামানের পক্ষে আরিফ মোল্লা আর মাসুমের পক্ষে আবুল বাসার নেতৃত্ব দেন। গ্রামে ফারুকুজ্জামানের পক্ষে ছিলেন তাঁরা মাত্র ২০-২২টি পরিবার। ভোটের পর থেকেই তাঁদের ওপর নানাভাবে অত্যাচার হচ্ছে। গ্রামের কৃষি শ্রমিকেরাও ফারুকুজ্জামানের সমর্থকদের জমিতে শ্রম বিক্রি করেন না। এ কারণে ফারুকুজ্জামানের পক্ষের ১৫-২০ জন বুধবার এই পক্ষের সদস্য আবুল হোসেন শেখের ৫৪ শতক জমিতে ধান কাটতে যান। এ সময় প্রতিপক্ষ হামলা করে। তাঁরা পালিয়ে ঝিনাইদহ শহরে চলে যান। কাঁচি-মাথাল নিয়েই যান সদর থানায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে এলাকায় ফিরে যেতে বলা হয়। তাঁরা এলাকায় ফিরলেও গ্রামে ঢুকতে পারেননি আজও।
গ্রামবাসী বলছে, ফারুকুজ্জামানের পক্ষের ওপর আরেক ঘটনায় আগে থেকেই ক্ষিপ্ত ছিল মাসুমের পক্ষ। গত ২০ এপ্রিল ফারুকুজ্জামানের পক্ষের মোতাহার হোসেন মোল্লাকে মারপিট করে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছিল। এর মধ্যেই বুধবারের ঘটনা ঘটে।
ফারুকুজ্জামানের পক্ষের নেতা আরিফ হোসেন মোল্লা বলেন, মামলাটি মিটিয়ে না নিলে তাঁদের বাড়িতে ফিরতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।
বুধবার রাতে এই পক্ষের সমর্থকেরা মাঠেই ঘুমিয়েছেন। গতকাল সকালে গ্রামে যাওয়ার চেষ্টা করলে তাঁরা আবার প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি ইট নিক্ষেপ করে। একপর্যায়ে তাড়া খেয়ে ফারুকুজ্জামানের সমর্থকেরা যখন পিছু হটছিলেন, তখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গুলি ছোড়ে। এ সময় সংঘর্ষ ও পুলিশের ছররা গুলিতে বিশারত আলী (৬৫), মোহাম্মদ আলী (৩০), শিল্টু শেখ (৪০), দুলাল হোসেন (২২), রাসেল আহম্মেদ (২৪), আদিল উদ্দীন (৬০), আবদুল মজিদসহ (৩৮) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মাসুমের পক্ষের নেতা আবুল বাসার সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মাসুম নৌকা প্রতীক নিয়ে ভোটে জিতেছেন। তাঁর ক্ষতি করতেই প্রতিপক্ষ নানা সময় মিথ্যা অভিযোগ করছে।
চেয়ারম্যান মাসুম বলেন, প্রতিপক্ষের লোকজন বুধবারের ঘটনার পর কাঁচি-মাথাল নিয়ে থানায় গিয়েছিল ঠিকই। কিন্তু তিনিই পরে তাঁদের ফিরিয়ে এনেছেন।
স্থানীয় হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন সরকার বলেন, অল্প জমিতে অনেক লোক ধান কাটতে যাওয়ায় প্রতিপক্ষ মনে করেছে তারা গোলমাল করতে জোটবদ্ধ হয়েছে। এ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।